Published : 27 Dec 2025, 10:38 AM
১১ ছক্কায় প্রায় ১৮০ স্ট্রাইক রেটে শতরানের ইনিংস। টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর ইনিংসই হওয়ার কথা। কিন্তু লক্ষ্য যখন ২৩৩, তখন তো প্রয়োজন আরও বেশি কিছু! রায়ান রিকেলটনের অমন শতরানের পরও তাই লাভ হলো না এমআই কেপ টাউনের। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে এসএ টোয়েন্টির নতুন আসর শুরু করল গতবার তলানিতে থাকা ডারবান’স সুপার জায়ান্টস।
এসএ টোয়েন্টির চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে বক্সিং ডেতে এমআই কেপটাউনকে ১৫ রানে হারাল ডারবান’স সুপার জায়ান্টস।
বৃথা গেল রিকেলটনের ৬৩ বলে ১১৩ রানের ইনিংস।
কেপ টাউনের নিউ ল্যান্ডসে গ্যালারি ভরা দর্শকের সামনে টস জিতে ব্যাটিংয়ে নামা সুপার জায়ান্টস ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২৩২ রান।
অবিশ্বাস্যভাবে, ফিফটি করেন কেবল একজন। সেই ডেভন কনওয়ে আউট হন ৩৩ বলে ৬৪ রান করে। তার পরও দল রানের পাহাড় গড়তে পারে সবার সম্মিলিত অবদানে।
কনওয়ের উদ্বোধনী জুটির সঙ্গী কেন উইলিয়ামসন করেন ২৫ বলে ৪০ রান। ১২ বলে ২০ রান করে আউট হয়ে যান জস বাটলার, ১৪ বলে ২১ রান করে হাইনরিখ ক্লসেন। অধিনায়ক এইডেন মার্করাম পাঁচে নেমে করেন ১৭ বলে ৩৫।
শেষ দিকে ১৪ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন ইভান জোন্স।
কেপ টাউনের জর্জ লিন্ডা ২ উইকেট নেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে, ট্রেন্ট বোল্ট ও কর্বিন বশ নেন একটি করে। ৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন অধিনায়ক রাশিদ খান।

কেপ টাউনের রান তাড়ার শুরুটা প্রত্যাশিত গতিতে হয়নি। পাওয়ার প্লেতে ৫১ রান এমনিতে খারাপ নয়। তবে এত বড় রান তাড়ায় প্রয়োজন ছিল আরও দ্রুতগতির শুরু।
রাসি ফন ডার ডাসেন আউট হন ৬ বলে ২ রান করে। তিনে নেমে রিজা হেনড্রিক্স তিনটি ছক্কা মারলেও ২৮ রান করতে বল খেলেন ২১টি। রিকেলটন ফিফটি করেন ৩১ বলে।
১০ ওভার শেষে তাদের রান ছিল ৮৮। পরের ১০ ওভারে প্রয়োজন পড়ে ১৪৫ রানের।
এরপর জেগে ওঠে তারা। পরের চার ওভারে তুলে ফেলে তারা ৭০ রান। জমে ওঠে ম্যাচ।
তবে সুপার জায়ান্টস আবার রানের লাগাম একটু টেনে ধরে ম্যাচে ফেরে। বিপজ্জনক জেসন স্মিথ আউট হয়ে যান ১৪ বলে ৪১ রান করে।
কেপ টাউনের বড় ভরসা নিকোলাস পুরান (১০ বলে ১৫) পারেননি জ্বলে উঠতে।
রিকেলটন কোনোরকমে জিইয়ে রাখেন আশা। শেষ ওভারে প্রয়োজন পড়ে ২২ রানের।
কিন্তু ইথান বশের করা ওভারের প্রথম বলেই রিকেলটন আউট হয়ে যান। তার দল আর পেরে ওঠেনি। ২০ ওভারে আটকে যায় তারা ২১৭ রানে।
বড় ভাই কর্বিন বশের দলের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলের জয়ে সহায়তা করেন ছোট ভাই ইথান বশ।
ম্যাচ-সেরার পুরস্কার নিয়েও মলিন মুখে রিকেলটন বলেন, “দল হেরে গেছে, অনুভূতি তাই মিশ্র…।”