পরাজয়ে শুরু অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর
ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরের শুরুটা আশানুরূপ করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেল তারা।
কলম্বোয় রোববার ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। আগে ব্যাট করে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
সবশেষ এশিয়া কাপের মতো এবারও বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়েছে বাংলাদেশ। পুরোপুরি ব্যর্থ ছিল দলের টপ-অর্ডার। মিডল-অর্ডারে সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাওয়া কোনোমতে দলকে একশ পার করান। তবে সেটি যথেষ্ট হয়নি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ রানের আগেই পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফাহমিদা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, সাদিয়া ইসলাম, আফিয়া আসিমারা ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।
পঞ্চম উইকেটে জুটি বেধে শুরুর বিপর্যয় সামাল দেন সুমাইয়া ও জান্নাতুল। অধিনায়কের সঙ্গে জান্নাতুলের জুটিতে আসে ৬০ বলে ৬২ রান। ৩ চারে ৩৪ বলে ২৯ রান করে আউট হন সুমাইয়া।
দলকে একশর কাছে নিয়ে স্টাম্পড হন জান্নাতুল (৩৫ বলে ৩৪)। শেষ দিকে সাদিয়া আক্তার ১৩ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন রাশমিকা সেওয়াওয়ান্দি, প্রামুধি মেথসারা ও লিমি থিলাকারাত্নে।
রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। সপ্তম ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দেন হাবিবা ইসলাম।
তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন দাহামি সেনেথমা। ৩০ বলে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার সুমুদু নিসানসালা ২৪ বলে খেলেন ২৭ রানের ইনিংস।
একই মাঠে সোমবার চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯.৩ ওভারে ১০৯ (ফাহমিদা ৭, সুবর্ণা ৫, সাদিয়া ইসলাম ২, সুমাইয়া ২৯, আফিয়া ০, জান্নাতুল ৩৪, সাদিয়া আক্তার ১৩*, হাবিবা ০, ফারজানা ১১, নিশিতা ০, সুবহা ০; রাশমিকা ৪-১-২২-২, মুনাসিংহে ৩-০-১৯-০, মেথসারা ২-০-১৪-২, থালাগুনে ৪-০-২২-১, গিমহানি ৩-০-২২-০, থিলাকারাত্নে ৩.৩-০-১০-২)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ১৮.৫ ওভারে ১১২/৫ (কাভিন্দি ১২, বালাসুরিয়া ১১, সেনেথমা ২৯*, নানিয়াক্কারা ১৭, রাশমিকা ১, নিসানসালা ২৭, থিলাকারাত্নে ৪*; নিশিতা ৪-০-১৪-১, ফারজানা ৩-০-১৬-০, সুবহা ৩-০-২৭-০, হাবিবা ৪-০-২২-২, ফাহমিদা ৪-০-২০-১, আফিয়া ০.৫-০-৭-০)
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ৫ উইকেটে জয়ী
