Published : 22 Jan 2026, 02:52 PM
সূচিতে অনুশীলনের সময় ছিল এক ঘণ্টা। কিন্তু চট্টগ্রাম রয়্যালসে অনুশীলন চলল অনেকটা বেশি সময়। পরদিন বিপিএলের ফাইনাল বলে কথা! তবে ফাইনাল ছাড়াও বাড়তি ভাবনা আছে কয়েকজন ক্রিকেটারের, যারা আছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। তাদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা। সেই বৈঠক ঘিরে দেশের ক্রিকেটোঙ্গনের আগ্রহ যেমন তুমুল, তেমনি ক্রিকেটাররাও কৌতূহল নিয়ে অপেক্ষায় আছেন বলে জানালেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
বিপিএলে চট্টগ্রাম রয়্যালস দলের অধিনায়ক মেহেদি। তার দল শুক্রবার খেলবে বিপিএল ফাইনালে। তিনি আছেন বাংলাদেশের বিশ্বকাপ দলেও। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন ও সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ করে টিম হোটেলে ফিরেই আবার তাকে ছুটতে হবে আরেকটি হোটেলে, যেখানে দুপুর ৩টায় শুরু হওয়ার কথা বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক।
আইসিসির সভায় বুধবার ভোটের রায়ে হেরে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এক দিন সময় চেয়ে নিয়েছে বিসিবি। ধারণা করা হচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে উপদেষ্টার এই বৈঠক থেকেই চূড়ান্ত ঘোষণা আসবে।
তবে বৈঠক শুরুর ঘণ্টাখানেক আগে মিরপুরে সংবাদ সম্মেলনে শেখ মেহেদি বললেন, তারাও আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানেন না।
“এরকম কথা এখনও কিছু হয় নাই (কী আলোচনা হবে)। প্রতিটি ক্রিকেটার যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে মনে হয় সবাইকে পার্সোনালি টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানে গেলে বোঝা যাবে আসলে রহস্যটা কী।"
বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে তার নিজের ভাবনা জানতে চাইলে সতর্ক প্রতিক্রিয়াই জানালেন ৩১ বছর বয়সী ক্রিকেটার।
“দেখুন, একজন ক্রিকেটার হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরো বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবেন, আসলে আমাদের সেটাই করা উচিত আমার কাছে মনে হয়।”
বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ক্রিকেটারদের এই বৈঠক নিয়ে ক্রিকেট আঙিনাতেও চলছে অনেক প্রশ্ন। বিসিবি নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়েছে গত ৪ জানুয়ারি। এরপর দুই দফায় দুই পক্ষের বৈঠক হয়েছে, নানা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সবশেষ বুধবার আইসিসি বোর্ড সভায় বাংলাদেশ হেরে গেছে ১৪-২ ভোটে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোটই পেয়েছে বাংলাদেশ। এরপর বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য এক দিন সময় চেয়ে নিয়েছেন বিসিবি সভাপতি।
এই চূড়ান্ত সময়ে এসে ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার বৈঠক করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই। বিশ্বকাপ দলের অধিনায়ক লিটন কুমার দাস গত সোমবার সংবাদ সম্মেলনে পরিষ্কার বলেছেন, গোটা ব্যাপারটা নিয়ে তাদের সঙ্গে এতদিন কোনো আলোচনা হয়নি, তাদের মতামত নেওয়া হয়নি এবং তারা পুরোপুরি অন্ধকারে রয়েছেন।