নিগারের চোখের জলে জয়ের খুশি
‘অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম আমরা’, জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর বললেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
ম্যাচ শেষে আবেগের জোয়ারেই নিজের অনুভূতি বুঝিয়ে দিয়েছেন নিগার সুলতানা। হৃদয়ের ছবিটা পরে ফুটে উঠল তার কণ্ঠেও। উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক জানালেন, দীর্ঘ প্রতীক্ষার পর কতটা তীব্র আকাঙ্ক্ষার জয় এটি।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি হওয়ার পর থেকেই প্রথম ম্যাচটিকে পাখির চোখ করেছিল বাংলাদেশ দল। ম্যাচের প্রতিপক্ষ যে স্কটল্যান্ড!
বিশ্বকাপে এবারই প্রথম খেলছে স্কটিশরা। শক্তি-সামর্থ্য-অভিজ্ঞতার বিবেচনায় তাদের বিপক্ষে জয় প্রত্যাশিতই। ১০ বছরের জয়খরা কাটাতে এই ম্যাচেই তাকিয়ে ছিলেন নিগাররা।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অনেকটা হাহাকার নিয়ে নিগার বলেছিলেন, বিশ্বকাপে এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি তার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তার শততম টি-টোয়েন্টি। জয় দিয়ে উপলক্ষ রাঙানোর প্রত্যয়ও জানিয়েছিলেন তিনি। সব চাওয়া অবশেষে এক বিন্দুতে মিলেছে। ১৬ ম্যাচ পর ১৬ রানের জয় দিয়ে লক্ষ্য পূরণ করেছে নিগার ও তার দল।
সেই ২০১৪ সালে দেশের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে পিঠেপিঠি জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর টানা চারটি বিশ্বকাপে হাপিত্যেশ করতে হয়েছে একটি জয়ের জন্য।
সেই অপেক্ষার অবশেষে অবসান হলো। ম্যাচ শেষ হওয়ার পর স্টাম্পের কাছেই হাঁটু গেড়ে ছুঁইয়ে লমবা সময় মাঠে মাথা ছুঁইয়ে রাখেন নিগার। গত একের পর এক বিশ্বকাপের যন্ত্রণাময় পরাজয় আর হৃদয়ভাঙা অভিজ্ঞতাগুলো খেলে যাচ্ছিল তার মাথায়। টিভি ক্যামেরা খুব কাছে গিয়ে ধরার চেষ্টা করছিল তাকে।
সতীর্থদের ডাকে বাংলাদেশ অধিনায়ক যখন উঠে দাঁড়ালেন, তার মুখায়ব দেখেই বোঝা গেল, আবেগের স্রোত বইছে তার ভেতরে। রোদচশমা থাকায় হয়তো তখন অশ্রু আড়াল করতে পারলেন তিনি। তবে একটু পর ডাগ আউটে বসার পর ঠিকই তার চোখে দেখা গেল প্লাবন। আনন্দাশ্রু!
পরে সেই স্রোতে সামাল দিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে নিগার বললেন, স্রেফ একটি জয় ছাপিয়ে এই প্রাপ্তি তাদের কাছে আরও বড় কিছু।
“অনেক অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম আমরা…১০ বছর ধরে। এবার এখানে আমার সময় আমাদের মনে হয়েছে, এখনই সময়, এখনই পালা আমাদের সেই জয়ের দেখা পাওয়ার। আমাদের কাছে এই জয় মানে অনেক কিছু। শুধু আমাদের জন্য নয়, যত মেয়েরা ভালো করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সবার কাছেই এই জয়ের অর্থ অনেক কিছু।”
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রত্যাশিত স্কোর পায়নি। ২০ ওভারে কেবল ১১৯ রান তুলেই থমকে যায় তারা।
দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন সাথি রানি বর্মন ও সোবহানা মোস্তারি। তবে দুজনের কেউ ইনিংস বড় করতে পারেননি। দ্রুত রান তুলতে পারেননি নিগারসহ দলের টপ-মিডল অর্ডারের কোনো ব্যাটার।
অধিনায়ক নিগারের ব্যাটিং পজিশন এ দিন ছিল প্রশ্নবিদ্ধ। দলের সেরা ব্যাটার উইকেটে যান পঞ্চম ব্যাটার হিসেবে। তিনে সোবহানাকে খেলানো খুব অপ্রত্যাশিত নয়। তবে অভিষিক্ত তাজ নেহারকে চারে পাঠানো ছিল বেশ কৌতূহল জাগানিয়া। ব্যাটিং পজিশন নিয়ে সেই পরীক্ষার পেছনের ভাবনা শোনালেন নিগার।
“আমরা ভিন্ন কিছু চেষ্টা করছিলাম। তাজকে আগে নামিয়েছি আমরা। প্রস্তুতি ম্যাচ দুটিতে তাজ দুর্দান্ত খেলেছে। আমাদের চাওয়া ছিল, সে যেন জুটি গড়তে পারে। এছাড়া পাওয়ার হিটিংয়ের সামর্থ্য আছে তার, আশা ছিল দ্রুত রান বাড়াবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আউট হয়ে যায়।”
বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা বোলিং, বিশেষ করে স্পিন আক্রমণ। তাই পুঁজি বড় না হলেও শারজাহর ৩৮ ডিগ্রি গরমে নিজেদের বোলারদের ওপর আস্থা ছিল অধিনায়কের।
“এই ধরনের উইকেটে আমাদের একটু থিতু হওয়া প্রয়োজন ছিল। শুরুর দিকে ব্যাট করাটা সহজ ছিল না। সাথি ও সোবহানা ভালো ব্যাট করেছে এবং জুটি গড়ার চেষ্টা করেছে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। পরে দ্রুত কিছু উইকেট পড়েছে। তবে প্রচণ্ড গরম ছিল, অনেক কিছুই আমাদের হাতে ছিল না। উইকেটও নতুন। সব দিক মিলিয়ে রানটা খারাপ ছিল না।”
“আমরা জানতাম যে আমাদের স্পিন বোলিং আক্রমণ খুব ভালো, মারুফাও (একমাত্র বিশেষজ্ঞ পেসার) ভালো করছে। আমরা তাই আত্মবিশ্বাসী ছিলাম।”
গ্রুপের সহজতম ম্যাচটি অবশ্য শুরুতেই খেলে ফেলল বাংলাদেশ। সামনে অপেক্ষায় তিনটি কঠিন চ্যালেঞ্জ। সেই পালায় আগে সামনে পড়ছে ইংল্যান্ড। শনিবার শারজাহতেই ম্যাচ ইংলিশদের সঙ্গে।
২০১৪, ২০১৬ ও ২০১৮, এই তিন বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে খেলে প্রতিটিতেই সহজে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের বাইরে ইংলিশদের সঙ্গে লড়াই হয়নি কোথাও।
অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ইংল্যান্ডও শিরোপা জয়ের দাবিদার। তাদের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। তবে প্রথম ম্যাচে জয়ের উচ্ছ্বাসকে প্রেরণা মেনেই ভালো কিছুর আশা করছেন নিগার।
“আশা করি (দুইয়ে দুই জয় হবে)… আমরা চেষ্টা করছিলাম মোমেন্টাম পেতে এবং আজকে আমরা তা পেয়েছি। মেয়েরা যেভাবে লড়াই করেছি, আমি খুবই খুশি। দলের প্রতিটি মেয়ে দারুণ খুশি। তাদেরকে হাসিখুশি দেখতে, তাদের মুখের হাসি দেখাটাই আমার জন্য ও দলের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণার। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চাই আমরা।”
