০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সুদার্শানকে নিয়ে ভারতের ‘আশায় গুঁড়েবালি’

ক্রিকইনফোর খবর, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সুদার্শানকে নিয়ে ভারতের ‘আশায় গুঁড়েবালি’
ভারতের বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদার্শান। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 10:05 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

শ্রীলঙ্কা সফরের শুরু থেকে সাই সুদার্শানকে পাওয়ার আশায় ছিল ভারত। কিন্তু তাদের সেই চাওয়া পূরণ হয়নি। চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলা ২৪ বছর বয়সী সুদার্শান পায়ের আঙুলের স্ট্রেস ফ্যাকচার থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। তবুও ফিটনেস পরীক্ষায় উতরানোর শর্তে তাকে ও জাসপ্রিত বুমরাহকে শ্রীলঙ্কা সফরের ১৫ জনের দলে রাখে ভারত। হাঁটুর সমস্যা কাটিয়ে উঠতে না পারায় গত সপ্তাহে ছিটকে যান বুমরাহ। তার বদলি হিসেবে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নাবিকে দলে যোগ করে ভারত।

বুমরাহর মতো সুদার্শানও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে ফিট হয়ে ওঠার জন্য লড়ছেন তিনি।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি পায়ের আঙুলে স্ট্রেস ফ্র্যাকচার হয় সুদার্শানের। গত জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফেরার পরপরই সেন্টার অব এক্সিলেন্সে যান তিনি। ওই সফরে চার ইনিংসে ১৩২, ৭*, ১৬৮ ও ২৫* রান করেন তিনি। 

টেস্ট দলে রাখার সময় নির্বাচকরা আশায় ছিলেন, প্রথম টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন সুদার্শান। কিন্তু পুরো গতিতে এখনও দৌড়াতে পারেন না তিনি। তাই শেষ পর্যন্ত ছিটকেই গেলেন এই ক্রিকেটার। 

গলে আগামী শনিবার গলে শুরু সিরিজের প্রথম ম‍্যাচ।

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিলকে নিয়েও রয়েছে শঙ্কা। কলম্বোয় অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন তিনি। এ কারণে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে চলমান তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না ডানহাতি ব্যাটসম্যান।

তবে প্রস্তুতি ম্যাচ থেকে ভারতের জন্য সুখবরও আছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন দেবদূত পাডিক্কাল। ফলে সুদার্শানের জায়গায় খেলার জন্য ভারতের হাতে এখন প্রস্তুত বিকল্প আছে।

আসন্ন টেস্ট সিরিজে চোটের কারণে হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দিপকেও পাচ্ছে না ভারত। আর ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে খেলতে পারবেন না।

দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু আগামী ২৩ অগাস্ট, কলম্বোয়। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবারের চক্রের ফাইনালে খেলার দৌড়ে আছে ভারত। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে তারা।