Published : 08 Dec 2025, 06:34 PM
লাল বলের ক্রিকেটের দারুণ ফর্ম সাদা বলেও বয়ে নিলেন আওয়াইস জাফার। দুর্দান্ত পাওয়ার-হিটিং দক্ষতার আরেকটি প্রদর্শনী মেলে ধরে বিস্ফোরক ইনিংস খেললেন পাকিস্তানের ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। দেশটির মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে তিনি ফেরালেন ১৭ বছর আগের স্মৃতি।
করাচিতে প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী দিন সোমবার সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্সের হয়ে ৫৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন জাফার। ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিজের বিপক্ষে তার ইনিংসটি গড়া ৯ ছক্কা ও ৫ চারে।
তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ৫৫ বলে। পাকিস্তানের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে সানাৎ জায়াসুরিয়ার পাশে বসেছেন তিনি। ২০০৮ এশিয়া কাপে করাচিতে বাংলাদেশের বিপক্ষে ১৩০ রানের ইনিংসের পথে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান ওপেনারও।
পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে দেশটির মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখন জাফারের। এখানে তিনি ছাড়িয়ে গেছেন ৫৬ বলে সেঞ্চুরি করা মুবাসির খান ও ইরফান খানকে।
পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে জাফারের চেয়ে কম বলে তিনটি সেঞ্চুরি আছে শাহিদ আফ্রিদির, একটি সাইম আইয়ুবের। তবে এসবের কোনোটিই পাকিস্তানের মাটিতে নয়।
জাফারের পাশাপাশি এদিন সেঞ্চুরি করেন সাদ খান (১০২ বলে ১১৫)। তাদের দল ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৭৯ রান।
এখনও পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা হয়নি জাফারের। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৮ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছিলেন তিনি।
পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফিতে গত মাসে সবশেষ তিন ম্যাচে ১৪৮, অপরাজিত ৫২, ৮৩ ও ১৪৮ রানের ইনিংস খেলেন তিনি। ওই চার ইনিংসে ছক্কা মারেন মোট ১৭টি। পাওয়ার-হিটিংয়ে আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি।