Published : 28 Aug 2024, 05:14 PM
বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ 'এ' দলের। দুটি চার দিনের ম্যাচের পর এবার এক দিনের সিরিজেও বাগড়া দিয়েছে প্রকৃতি। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ 'এ' দল ও পাকিস্তান শাহিনসের ('এ' দল) দ্বিতীয় এক দিনের ম্যাচ।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ফ্লাডলাইটের সুবিধা থাকায় বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ছিল খেলা চালিয়ে নেওয়ার সময়। কিন্তু কিছুক্ষণ পরপর নামা বৃষ্টির কারণে শেষ সময়ের ৬ ঘণ্টা আগেই ম্যাচ পণ্ড ঘোষণা করেন আম্পায়াররা।
প্রথম এক দিনের ম্যাচে শাহিনসের বিপক্ষে লড়াই করতেই পারেনি সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, নাঈম শেখসহ একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশ 'এ' দল। ৩৬ ওভারে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যাওয়ার পর তারা হেরে যায় ৮ উইকেটে।
একই মাঠে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।