২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হ্যাটট্রিকের পর ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন

লকি ফার্গুসনের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন আরেক পেসার অ্যাডাম মিল্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 10:54 AM

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে নিউ জিল্যান্ডের জয়ের নায়ক লকি ফার্গুসন খেলতে পারবেন না ওয়ানডে সিরিজে। পায়ের পেশির চোটে ছিটকে গেছেন গতিময় এই পেসার। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার অ্যাডাম মিল্ন।

সম্প্রতিই ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছিলেন ফার্গুসন। ডাম্বুলায় রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০৮ রানের পুঁজি নিয়েও নিউ জিল্যান্ডের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। হ্যাটট্রিক করেন তিনি দুই ওভার মিলিয়ে।

নিউ জিল্যান্ড ক্রিকেট সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, হ্যাটট্রিক পূর্ণ করা দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন ফার্গুসন। ওই ওভারের পর তিনি মাঠ ছেড়ে যান এবং ম্যাচের বাকি অংশে আর দেখা যায়নি তাকে। যদিও ম্যাচ-সেরা পুরস্কার নিতে ফিরে এসেছিলেন তিনি।  

প্রাথমিক পর্যবেক্ষণের পর শ্রীলঙ্কা সফরের বাকি অংশে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। দেশে ফেরার পর তার স্ক্যান করানো হবে। তার জায়গায় ডাক পাওয়া মিল্ন মঙ্গলবার ডাম্বুলায় পৌঁছবেন।

শেষ টি-টোয়েন্টিতে ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। ৫ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে নিউ জিল্যান্ড।

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর ভারতে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০তে জেতে নিউ জিল্যান্ড। এরপর সীমিত ওভারের সিরিজ খেলতে আবার শ্রীলঙ্কায় ফিরেছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার।