৬ ছক্কায় বিধ্বংসী ইনিংস খেলে তামিমের ৯ রানের আক্ষেপ
এনসিএল টি-টোয়েন্টিতে আবার জ্বলে উঠলেন অভিজ্ঞ ব্যাটসম্যান, তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারলেন না অল্পের জন্য।
বড় শটের আশায় শাফল করে মিডল স্টাম্পের দিকে গেলেন তামিম ইকবাল। একটু উন্মুক্ত হয়ে গেল লেগ স্টাম্প। সেটা খেয়াল করেই হয়তো লেগ স্টাম্পে ইয়র্কার করলেন মেহেদি হাসান। তড়িঘড়ি করে ব্যাট নামিয়েও রক্ষা হলো না। স্টাম্প এলোমেলো হতে দেখে হতাশায় আকাশপানে চেয়ে রইলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। পরক্ষণেই তাকে অভিনন্দন জানাতে ছুটে এলেন বরিশালের ফিল্ডাররা। তামিমের হতাশা একটুর জন্য সেঞ্চুরি না হওয়ায়। প্রতিপক্ষের শুভেচ্ছা পেলেন তিনি দুর্দান্ত ইনিংস খেলায়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার তামিমের ব্যাট থেকে এলো ৯১ রানের ঝলমলে ইনিংস। চট্টগ্রাম বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৪ বলে ৭ চারের সঙ্গে তিনি মারেন ৬টি ছক্কা।
এই আসরে চার ম্যাচে এটি তার দ্বিতীয় ফিফটি।
এই জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে প্রায় সাত মাস পর মাঠে ফিরেছেন তামিম। বিপিএলের আগে নিজের ব্যাটিংয়ে জড়তা কাটানোর পাশাপাশি দলের জন্য যত সম্ভব রান করার ইচ্ছের কথা আগেই বলেছেন তিনি। সেই লক্ষ্যে এখন পর্যন্ত সফল জাতীয় দলের সাবেক অধিনায়ক।
চার ম্যাচে ৬৩.৩৩ গড়ে তামিমের নামের পাশে এখন পর্যন্ত আসের সর্বোচ্চ ১৯০ রান, স্ট্রাইক রেট ১৫০.৭৯। টুর্নামেন্টের সর্বোচ্চ ২০ চারের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ১০টি ছক্কা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে তামিম ছিলেন বেশ সাবধানী। এক পর্যায়ে ১৮ বলে তার সংগ্রহ ছিল ১৫ রান। পাওয়ার প্লের শেষ বলে ফ্রি হিট পেয়ে যেন ডানা মেলার সুযোগ পেয়ে যান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে গা ঝাড়া দেন তিনি।
দুই ওভার পর মইন খানের অফ স্পিনে লং অনে দিয়েই মারেন চার ও ছক্কা। সোহাগ গাজীর বলে বাউন্ডারি মারেন লং অফ দিয়ে। চলতি আসরের দ্বিতীয় ও ক্যারিয়ারের ৫১তম ফিফটি করতে তামিমের লাগে ৩৭ বল।
এরপর যেন খাপছাড়া তলোয়ার তামিমের ব্যাট। ফিফটির পর ১৭ বলে তিনি নেন আরও ৪১ রান। সোহাগের বলে লং অন দিয়ে ছক্কার পর মিড উইকেট দিয়ে মারেন বাউন্ডারি। তানভির ইসলামের বলেও লং অন দিয়ে মারেন ছক্কা। পরের বল ইনসাইড আউট শটে মারেন চার।
১৬তম ওভারে কামরুল ইসলামের বলে চমৎকার শটে লং অফ দিয়ে ছক্কা মারেন তামিম। পরের বল স্লগ করে লং অন সীমানার ওপারে ফেলে পৌঁছে যান নব্বইয়ে। কিন্তু পরের ওভারে মেহেদির দারুণ ডেলিভারিতে তিন অঙ্ক আর ছোঁয়া হয়নি তার।
টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার নব্বই ছুঁয়ে সেঞ্চুরির আগে থামলেন তামিম। এর মধ্যে ৯৩ রানে অপরাজিত ছিলেন একবার।
অভিজ্ঞ ওপেনারের ৯১ রানের সৌজন্যেই মূলত ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি পায় চট্টগ্রাম। দলের আর কেউ ২৫ রানও করতে পারেননি।
তামিমের ঝড় সামলে ৪ ওভারে মাত্র ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদি।
দীর্ঘ বিরকির পর মাঠে ফেরার ম্যাচে গত বুধবার ১০ বলে ১৩ রান করে বোল্ড হন তিনি। তবে পরদিনই তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৬৫ রানের ম্যাচ জেতানো ইনিংস।
তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ায় বড় ইনিংস খেলার সুযোগ ছিল না তামিমের। দলকে জিতিয়ে ২১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তার ব্যাট জ্বলে উঠল আবার।
এই আসরে তামিমের শেষ ম্যাচ হতে পারে এটিই।
