Published : 08 Aug 2026, 11:58 AM
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধসের দিনে বোলিংয়ে স্বস্তির খবর পেল বাংলাদেশ। চোট পাওয়া তাইজুল ইসলামের অগ্রগতি হয়েছে কিছুটা। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে বলে আশা করছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান।
ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুত ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান তাইজুল। পরের দুই দিনে আর মাঠে নামতে পারেননি তিনি।
বিসিবির ভিডিও বার্তায় ফিজিও জানান, প্রথম টেস্টের আগেই এই স্পিনার ফিট হয়ে উঠবেন বলে আশা তার।
“গত পরশু ব্যাটিংয়ের সময় তাইজুল যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা অনেকটাই কমে এসেছে। ফোলা এবং ব্যথা, দুটিই কমে এসেছে। মূল খেলার আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে চার দিন সময় আছে। আমি আশা করছি, এই সময়ে তাকে পুরোপুরিই অ্যাভেইলঅ্যাবল পাওয়া যাবে।”
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ রান করার পথে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৩০ রানের জুটি গড়েছিলেন তাইজুল। ওই চোটের কারণে পরে বোলিং অনুশীলন আর করতে পারেননি দেশের সফলতম টেস্ট বোলার।
প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন সকালে ৫৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার আছেন তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। সব ঠিক থাকলে, দুজনেরই টেস্টের একাদশে থাকার কথা।