১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শারমিনের উন্নতি ২২ ধাপ, দিলারার ৩৩

মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে রাবেয়া ও মেঘলার অগ্রগতি হয়েছে।

শারমিনের উন্নতি ২২ ধাপ, দিলারার ৩৩
শারমিন আক্তার। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শারমিন আক্তার। এই সংস্করণের ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনি। লম্বা লাফে প্রথমবারের মতো একশ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি।

গত শনিবার আইরিশদের ৯ রানে হারানোর পথে ১ ছক্কা ও ৫টি চারে ৫২ রান করেন শারমিন। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি। তার আগের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ৫৬তম।

গত এক সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ড ম্যাচে ৩৫ রান করেন দিলারা। এতে ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অধিনায়ক নিগার সুলতানা। চার ধাপ নেমে এখন ২২তম স্থানে আছেন তিনি।

সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করা সোবহানা মোস্তারির অগ্রগতি ১১ ধাপ, অবস্থান যৌথভাবে ৫২তম। এছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন স্বর্ণা আক্তার।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিং সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর বোলারদের তালিকায় শীর্ষে তার সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।

নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩টি ও আয়ারল্যান্ড ম্যাচে একটি শিকার ধরা লেগ স্পিনার রাবেয়া খানের উন্নতি এক ধাপ, আছেন ১৪তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তিনি।

নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া ফাহিমা খাতুন এগিয়েছেন ৬ ধাপ। ৩০তম স্থানে আছেন এই লেগ স্পিনার। ওই ম্যাচেই চার শিকার ধরা সানজিদা আক্তার মেঘলারও উন্নতি ৬ ধাপ, অবস্থান ৫৪তম।

এছাড়া সুলতানা খাতুন (৮১তম) এক ধাপ ও ফারিহা তৃষ্ণা (৯৭তম) তিন ধাপ এগিয়েছেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে হেইলি ম্যাথিউস। দুই ধাপ এগিয়ে রাবেয়া ২৮তম স্থানে, বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে।