টি-টোয়েন্টিতে দ্যুতি ছড়িয়ে ভারতের ওয়ানডে দলে ভারুন
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আগে ঘোষিত দলে যুক্ত করা হয়েছে ৩৫ বছর বয়সী এই স্পিনারকে।
ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ বোলিং উপহার দিয়ে চলা ভারুন চক্রবর্তির জন্য খুলে গেছে ওয়ানডে দলের দরজা। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে যোগ করা হয়েছে ৩৫ বছর বয়সী এই স্পিনারকে।
নাগপুরে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেন ভারুন। এরপরই তাকে ওয়ানডে দলে যুক্ত করার খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। পরে বিসিসিআই বিবৃতি দিয়ে নিশ্চিত করে বিষয়টি। নাগপুরেই আগামী বৃহস্পতিবার হবে প্রথম ওয়ানডে।
ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজে ভারুন সর্বোচ্চ ১৪ উইকেট নেন ওভারপ্রতি ৭.৬৬ করে রান দিয়ে। জেতেন সিরিজ-সেরার পুরস্কার।
ভারতের হয়ে এখন পর্যন্ত কোনো ওয়ানডে তিনি খেলেননি। প্রথমবার ডাক পেলেন এই সংস্করণের দলে।
এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি ২৩টি। এই মৌসুমে ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৬ ম্যাচে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি উইকেট নেন তিনি।
তার অন্তর্ভুক্তিতে ভারতের স্পিন বিভাগে শক্তি আরও বাড়ল। আগে থেকে দলে আছেন কুলদিপ ইয়াদাভ, আকসার প্যাটেল, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার।
আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স ও বৈচিত্রময় বোলিং দিয়ে ২০২১ সালে প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন ভারুন। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে প্রথম দুই ম্যাচে তিনি উইকেট নেন একটি করে। শেষ ম্যাচে উইকেট না পেলেও দারুণ হিসেবি বোলিং উপহার দেন।
পরে ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলেও পাকিস্তান, নিউ জিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকার পর জায়গা হারান দলে। এরপর লম্বা বিরতি। ২০২৪ আইপিএলে দারুণ বোলিংয়ে ২১ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে অবদান রাখার পর, তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও ভালো বোলিং করে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে জাতীয় দলে ফেরেন তিনি।
তারপর থেকেই দারুণ ছন্দে আছেন ভারুন। ফেরার পর ১২ ম্যাচে উইকেট নিয়েছেন ৩১টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন দুই দফায়।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, ইয়াশাসভি জয়সওয়াল, রিশাভ পান্ত, রাভিন্দ্রা জাদেজা, হার্শিত রানা (প্রথম দুই ওয়ানডে), জাসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), ভারুন চক্রবর্তি।
