Published : 10 Oct 2025, 01:23 PM
একট সময় আসে, যখন থামতে হয়। সামনে তাকাতে হয়। রোহিত শার্মার ক্ষেত্রেও সেই সময়টা চলে এসেছে বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলি। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া আর শুবমান গিলকে নেতৃত্বে আনার ব্যাপারটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক।
অনেক জল্পনার পর সম্প্রতি ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। টেস্ট অধিনায়ক গিল ওয়ানডে অধিনায়ক হিসেবেও পথচলা শুরু করবেন সামনের অস্ট্রেলিয়া সফর থেকে।
গত বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ফাইনাল খেলেছে ভারত, গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এমন সফল অধিনায়ককে সরিয়ে দেওয়ার নানা দিক নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটে।
সৌরভের মতামতে বাড়তি গুরুত্ব এখানে আছে। তিনি বোর্ড সভাপতি থাকার সময়ই যে নেতৃত্ব পেয়েছিলেন রোহিত! কোহলির জায়গায় রোহিতকে অধিনায়ক করার পেছনে তার বড় ভূমিকা আছে বলে মনে করা হয় ভারতীয় ক্রিকেটে। সৌরভ নিজেও নানা সময়ে রোহিতের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন এখন ইন্ডিয়া টুডেকে বলছেন, রোহিতের নেতৃত্বের পথচলা শেষের সময়ও হয়ে গেছেই।
“আমি নিশ্চিত, রোহিতের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক নিশ্চিত নই, এটিকে বরখাস্ত বলা যায় কি না। রোহিত তো অসাধারণ এক নেতা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওর ক্ষেত্রে পারফরম্যান্স কোনো সমস্যা ছিল না।”
“ব্যাপারটি হলো, সামনের ওয়ানডে বিশ্বকাপের সময় ওর বয়স হবে ৪০। খেলাধুলায় এটি উল্লেখযোগ্য একটি সংখ্যা। এটিকে ভাবনায় রাখতেই হবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে। সবার সঙ্গেই এটি হয়। গিলের বয়স যখন ৪০ হবে, তাকেও এসবের মুখোমুখি হতে হবে। ক্রীড়ায় সবাইকেই একদিন থামতে হয়।”
অধিনায়কত্ব হারালেও দলে আছেন রোহিত। নতুন অধিনায়ক গিলের জন্যও সেটি সহায়ক হবে বলেই মনে করেন সৌরভ।
“গিলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত খারাপ নয়। ইংল্যান্ডে দারুণ প্রতিভার ছাপ রেখেছে সে (টেস্ট অধিনায়ক হিসেবে)। আমার মনে হয়, ঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। রোহিত খেলা চালিয়ে যেতে পারে, পাশাপাশি তরুণ একজন অধিনায়ককে গড়ে নেওয়াও যাবে।”
রোহিতের নেতৃত্বে ৫৬ ম্যাচে ভারতের জয় ৪২টি, হার মাত্র ১২টি। ‘টাই’ হয়েছে একটি ম্যাচ, আরেকটি পরিত্যক্ত। অধিনায়ক হিসেবে তার সাফল্যের হার ৭৭.২৭।
ভারতকে অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে অনেকটা এগিয়ে থেকেই সেরা রোহিত। তার কিছুটা কাছাকাছি কেবল ভিরাট কোহলি (৭০.৪৩)।