১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ো ব‍্যাটিংয়ে আভিশেকের সেঞ্চুরি

দিল্লি ক‍্যাপিটালসের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার।

ঝড়ো ব‍্যাটিংয়ে আভিশেকের সেঞ্চুরি
সেঞ্চুরির পর আভিশেক শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:59 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

৮৬ রানে নিতিশ রানার হাতে জীবন পেলেন আভিশেক শার্মা। পরের ওভারে দিল্লি ক‍্যাপিটালসের এই বোলারের ওপর চড়াও হলেন বিস্ফোরক বাঁহাতি ওপেনার। করলেন আইপিএলের চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরি। 

ঘরের মাঠে মঙ্গলবার ৪৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন আভিশেক। টি-টোয়েন্টিতে এটি তার নবম সেঞ্চুরি।

২৫ বলে পঞ্চাশ, ৪৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে ১৩৫ রানে অপরাজিত থাকেন আভিশেক। তার ৬৮ বলের বিস্ফোরক ইনিংস গড়া ১০টি করে ছক্কা ও চারে। অর্থাৎ ১০০ রান আসে বাউন্ডারি থেকে।

রাজিব গান্ধি ইন্টারন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বলে দুই রান নিয়ে পথচলা শুরু করেন আভিশেক। দ্বিতীয় ওভারে পান প্রথম বাউন্ডারি, রানার বলে একটি চার।

লুঙ্গি এনগিডির ওভারে দুটি চারের পর রানার বলে আভিশেক মারেন দুটি ছক্কা।

নবম ওভারে আকসার প‍্যাটেলের বলে ২ রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন আভিশেক।

নিজের মতো করে খেলে যাওয়া ওপেনার চতুর্দশ ওভারে দেন একটি সুযোগ। কিন্তু সীমানায় ক‍্যাচ নিতে পারেননি রানা। পরের ওভারেই রানাকে তিন ছক্কা ও এক চার মেরে ২৩ রান নেন আভিশেক।

এই ওভারেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। হায়দরাবাদের হয়ে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এই দলের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তিতে তিনি বসলেন হাইনরিখ ক্লসেনের পাশে।  

ইশান কিষানের বিদায়ের পর ক্রিজে গিয়ে ঝড় তোলেন ক্লসেন। শেষ দিকে আভিশেক স্ট্রাইক পান কমই।

শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের বড় সংগ্রহ গড়ে হায়দরাবাদ।