২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া সেঞ্চুরির ম্যাচে শাস্তি পেলেন রিশাভ পান্ত

একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ভারতীয় কিপার-ব্যাটসম্যানের নামের পাশে।

জোড়া সেঞ্চুরির ম্যাচে শাস্তি পেলেন রিশাভ পান্ত
আম্পায়ার পল রাইফেলের সঙ্গে বল নিয়ে কথা বলছেন রিশাভ পান্ত। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 04:24 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ার পর দুঃসংবাদ পেয়েছেন রিশাভ পান্ত। আচরণবিধি লঙ্ঘন করায় তাকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ভারতীয় কিপার-ব্যাটসম্যানের নামের পাশে।

পান্তকে এই শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। তারা বলেছে, আচরণবিধির ২.৮ ধারা ভেঙেছেন পান্ত। যে ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার’ কথা বলা হয়েছে। 

ঘটনাটি ঘটে ম্যাচের তৃতীয় দিন রোববার, ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারের সময়। ওই সময় ক্রিজে ছিলেন হ্যারি ব্রুক ও বেন স্টোকস। তখন বলের অবস্থা নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় পান্তকে।

বল পরিবর্তন করতে চাইছিলেন ভারতীয়রা। সেই বিষয়েই আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন পান্ত। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর তাদের চাওয়া প্রত্যাখ্যান করেন আম্পায়ার। তাতেই কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন পান্ত। আম্পায়ারের সামনেই মাটিতে বল ছুঁড়ে মারেন তিনি।

পান্তের এমন আচরণ ভালোভাবে নেননি অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও পল রাইফেল। তাদের অভিযোগের পর নিজের ভুল স্বীকার করার পাশাপাশি ম্যাচ রেফারির রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন পান্ত। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে প্রথম ইনিংসে ১৩৪ রান করেন পান্ত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে খেলেন ১১৮ রানের ইনিংস। টেস্ট ইতিহাসের দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪৭১ রান করে ভারত। পরে ইংলিশদের ৪৬৫ রানে থামিয়ে ৬ রানের লিড নেয় তারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৬৪ রান করে স্বাগতিকদের ৩৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা।

কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড। শেষ দিনে তাদের চাই আরও ৩৫০ রান।