১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পিন আক্রমণে শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ের আগে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণে যুক্ত হচ্ছেন আকিল হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার। কিন্তু বদলি হিসেবে দুজন পেসারকে নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। এক পেসারের সঙ্গে নেওয়া হয়েছে এক স্পিনারকে। প্রথম ওয়ানডের অভিজ্ঞতার পর অবশ্য এই সিদ্ধান্তে বিস্ময়ের কিছু নেই। মিরপুরের স্পিন-স্বর্গে তো স্পিনারদেরই জয়জয়কার!

চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডসের। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ের আগে এই দুজনের বদলে দলে নেওয়া হয়েছে আকিল হোসেন ও র‌্যামন সিমন্ডসকে।

ব্লেডসের চোট গুরুতর। পিঠের নিচের অংশর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এই সফর তো বটেই, সামনে নিউ জিল্যান্ড সফরেও যেতে পারবেন না বাঁহাতি এই পেসার। দেশে ফিরে পুনবার্সন চলবে তার।

কদিন আগেই চোট থেকে সেরে ওঠা জোসেফ কাঁধে অস্বস্তি অনুভব করেন গত শুক্রবার মিরপুরে অনুশীলন সেশনে। স্ক্যান করানোর পর পরামর্শ দেওয়া হয়েছে ইংল্যান্ডে কোনো বিশেষজ্ঞ দেখানোর।

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই ছিলেন আকিল ও সিমন্ডস। এখন ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেলেন তারা।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণের বড় ভরসা আকিল। ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার ওয়ানডেও খেলেছেন ৩৮টি। তবে সবশেষটি খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে।

এবারের সিপিএলে নজর কেড়ে সম্প্রতি নেপালের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছেন সিমন্ডস। এক ম্যাচে চার উইকেটও নিয়ছেন। ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার ওয়ানডে দলে ডাক পেলেন প্রথমবার।

প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার।