টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 30 Dec 2025, 04:14 PM
চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে জফ্রা আর্চারের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই গতিময় পেসারকে পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। তবুও, তাকে বিবেচনায় রেখেছে ইংল্যান্ড। রঙিন পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা জশ টংও ডাক পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই দল নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সেখানে অবশ্য আর্চারকে পাবে না দলটি। ওই সময় পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।
শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজের আগে তিনটি ওয়ানডেও খেলবে ইংল্যান্ড। ওই সিরিজেও খেলবেন না আর্চার। ওয়ানডে সিরিজ খেলে ব্রাইডন কার্স থেকে যাবেন টি-টোয়েন্টি খেলার জন্যও। তবে এই পেসারকে রাখা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামী ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচের আগে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন আর্চার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্ট খেলার সময় সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। তাতে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৫৩ রানে পাঁচ শিকার ধরেন ডানহাতি এই পেসার। সিরিজের প্রথম দুই টেস্টেও খেলেন আর্চার, সিরিজে তিন ম্যাচে তার শিকার মোট ৯ উইকেট।
মেলবোর্নে ইংলিশদের স্মরণীয় জয়ে বল হাতে অবদান রাখেন টং। প্রথম ইনিংসে পাঁচটিসহ ম্যাচে মোট সাতটি শিকার ধরেন তিনি। অ্যাডিলেইডে তার প্রাপ্তি ছিল পাঁচ উইকেট। এই পারফরম্যান্সই হয়তো তাকে জায়গা করে দিয়েছে সীমিত ওভারের ক্রিকেটের দলে।
ইংল্যান্ডের জার্সিতে আট টেস্ট খেলা টং স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২১টি। ১৯.০৩ গড়ে এই সংস্করণে ২৯ উইকেট নিয়েছেন তিনি।
নিউ জিল্যান্ড সফরে ইংল্যান্ডের খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বেন ডাকেট। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরানো হয়েছে বিশ্বকাপের দলে। ওই সফরের দলে না থাকা উইল জ্যাকসও আছেন বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দুই সংস্করণের স্কোয়াডে।
ওপেনার জ্যাক ক্রলিকে ফেরানো হয়েছে ওয়ানডে দলে। দেশের হয়ে আট ওয়ানডের সবশেষটি খেলেছেন তিনি দুই বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জেমি স্মিথ, জর্ডান কক্স ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা পেসার সাকিব মাহমুদের জায়গা হয়নি কোনো সংস্করণের দলে।
অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজের দলে থাকা সাত জন আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। আগামী রোববার সিডনিতে শুরু অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এরপর যুক্তরাজ্যে ফিরবে ইংল্যান্ডের বহর। সেখান থেকে ১৮ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক স্বাগতিক শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শুরু ২২ জানুয়ারি। পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ জানুয়ারি। তিন ওয়ানডেই হবে কলম্বোতে। আর পাল্লেকেলেতে টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি এবং ১ ও ৩ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ও শ্রীলঙ্কা সফরের দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার (শুধু বিশ্বকাপ দলে), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সিরিজের দলে), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, লুক উড।