Published : 22 Apr 2026, 08:18 AM
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং। মাঝের সময়টায় দিল্লি ক্যাপিটালসের বোলারদের কচুকাটা করে বিস্ফোরক ইনিংস খেললেন আভিশেক শার্মা। আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার।
সানরাইজার্সের ঘরের মাঠ হায়দরাবাদে মঙ্গলবার ৬৮ বলে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেন আভিশেক। ১০টি করে ছক্কা ও চারে গড়া ২৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানের ইনিংসটি।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান আভিশেকই প্রথম ক্রিকেটার, যিনি এই সংস্করণে ১৩০ ছোঁয়া ইনিংস খেললেন চারটি। এমন ইনিংস তিনটি করে আছে ক্রিস গেইল ও অ্যারন ফিঞ্চের।
আভিশেকের সর্বোচ্চ ইনিংস ১৪৮, ২০২৫ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পাঞ্জাবের হয়ে ১৬ ছক্কা ও আটটি চারে ৫২ বলে ইনিংসটি খেলেছিলেন তিনি বাংলার বিপক্ষে।
২০২৫ আইপিএলে সানরাইজার্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ৫৫ বলে ১৪১। তালিকায় এরপরই এবারের অপরাজিত ১৩৫। আর ২০২৫ সালে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষেও ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি, ৫৪ বলে।
গেইল ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে করেছিলেন অপরাজিত ১৭৫, টি-টোয়েন্টিতে এখনও যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে অপরাজিত ১৫১ ও ২০১৭ সালে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান গ্রেট।

ফিঞ্চের ১৭২ ও ১৫৬ রানের দুটি ইনিংস আছে অস্ট্রেলিয়ার হয়ে। আর ২০১৮ সালে সারের হয়ে করেছিলেন অপরাজিত ১৩১।
আভিশেকের টি-টোয়েন্টি সেঞ্চুরি হলো ৯টি, ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে যা সর্বোচ্চ, যৌথভাবে ভিরাট কোহলির সঙ্গে।
আভিশেকের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন জনের- ডেভিড ওয়ার্নার (১০), বাবর আজম (১২) ও গেইল (২২)। আভিশেক ও কোহলির মতো ৯টি করে আছে কুইন্টন ডি কক, রাইলি রুশো ও সাহিবজাদা ফারহানের।
৯টি সেঞ্চুরি করতে আভিশেকের লাগল ১৮৪ ইনিংস। ৯টি সেঞ্চুরির জন্য তার চেয়ে কম ইনিংস লেগেছে শুধু সাহিবজাদা (১৬০) ও গেইলের (১২৪)।
আইপিএলে আভিশেকের সেঞ্চুরি হলো দুইটি এবং দুটিই করলেন ৫০ এর কম বলে (২০২৫ সালে ৪০ বলে, এবার ৪৭ বলে)। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশটির এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৫০ এর কম বলে একাধিক সেঞ্চুরি করলেন তিনি।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বৈভাব সুরিয়াভানশির। গত আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দেন এই বিস্ময়-বালক।
আইপিএলে নিজের দুটি সেঞ্চুরির ইনিংসেই ১০টি করে ছক্কা মারলেন আভিশেক। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ইনিংসে ১০ ছক্কা হাঁকালেন তিনি একাধিকবার। গেইলের এই কীর্তি আছে চারবার।
টি-টোয়েন্টিতে সব মিলিয়ে পাঁচবার এই নজির গড়লেন আভিশেক। এখানেও তার ওপরে আছেন শুধু গেইল (১৯ বার)।
আভিশেকের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪২ রানের পুঁজি গড়ে ৪৭ রানের জয় পায় সানরাইজার্স। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
সানরাইজার্সের হয়ে ৮১ ম্যাচে সাতবার ‘ম্যান অব দা ম্যাচ’ হলেন তিনি, দলটির হয়ে কোনো ভারতীয় ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। ১৪৫ ম্যাচে ছয়বার সেরার স্বীকৃতি পেয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার।
সাত ইনিংসে ৩২৩ রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপও এখন আভিশেকের মাথায়। তার স্ট্রাইক রেট ২১৫.৩৩; ছক্কা ২৭টি, চার ২৫টি।