২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের জয়ে বিশ্বকাপে নেপাল ও ওমান

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পাওয়ার দৌড়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতের জয়ে বিশ্বকাপে নেপাল ও ওমান
নেপাল (বাঁয়ে) ও ওমান। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসছে আসরে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান। এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বৈশ্বিক আসরের টিকেট পেয়েছে তারা।

আল আমেরাতে বুধবার বাছাই পর্বের লড়াইয়ে সামোয়াকে ৭৭ রানে হারায় আরব আমিরাত। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ওমান ও নেপালের লড়াই শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপে খেলা।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কেবল একটি জায়গা খালি আছে। সেটির লড়াইয়ে অন্যদের এগিয়ে আছে আরব আমিরাত।

বাছাইয়ের সুপার সিক্স পর্বে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। বৃহস্পতিবার জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে তারা।

এখন পর্যন্ত ৩ ম্যাচ করে খেলে ৬ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ওমান ও নেপাল। এনিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব মঞ্চে দেখা যাবে দল দুটিকে।

নেপালের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পেছনে বড় ভূমিকা সান্দিপ লামিছানের। বাছাইয়ে চার ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তার বোলিং গড় ৯.৪০ এবং ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের নিচে। কাতারের বিপক্ষে তাদের রোমাঞ্চকর জয়ে ১৮ রানে ৫ শিকার ধরেছিলেন লামিছানে।

আর ওমানের বিশ্বকাপের টিকেট পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিতেন রামানান্দি। চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার, রান দিয়েছে ওভারপ্রতি ৫.৯০ করে।

গত এশিয়া কাপেও আলো ছড়ান জিতেন। ভারতের বিপক্ষে আভিশেক শার্মা ও তিলাক ভার্মার উইকেট নেন তিনি।