২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরের ক্ষুধা মেটানোর আশা নিয়ে বিশ্বকাপ অভিযান

প্রথম লক্ষ্য জয়-খরা কাটানো, এরপর বাংলাদেশ অধিনায়কের স্বপ্নের সীমানায় আছে সেমি-ফাইনাল খেলার আশাও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 05:05 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

সংবাদ সম্মেলন শেষ হওয়ার একটু পর মিডিয়া প্লাজার ডাইনিংয়ে আড্ডায় নিগার সুলতানা হাসতে হাসতে বললেন, “ঘুরিয়েফিরিয়ে একই রকম প্রশ্ন হয় শুধু, আপনারা নতুন প্রশ্ন করতে পারেন না?” বাংলাদেশ অধিনায়কের কথা শুনে এক সংবাদকর্মীর ত্বরিত উত্তর, “আপনারা নতুন কিছু করলেই নতুন প্রশ্ন হবে!” মজার ছলেই এসব বলা, তবে কথা সত্যি। বিশ্বকাপে যে ব্যর্থতার একই চক্রে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। 

সেই ২০১৪ সালে দেশের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে চার-চারটি বিশ্বকাপ। কোনো ম্যাচে জয় তো বহুদূর, সেভাবে সম্ভাবনাই জাগাতে পারেনি তারা। সময়ের সঙ্গে খরা প্রকট হয়েছে, ক্ষুধা তীব্র হয়েছে। এবার তা মেটানোর পালা। অধিনায়ক নিগার প্রত্যয়ী কণ্ঠেই বললেন, তাদের প্রথম লক্ষ্য জয়। সেটি পূরণ হয়ে গেল স্বপ্নের সীমানায় আছে সেমি-ফাইনালও।

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বে নিগারের দল। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের মূল লড়াই শুরু আগামী ৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলন, ফটোসেশনের আনুষ্ঠানিকতা হয়ে গেল মঙ্গলবার দুপুরে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ আসর খেলে ২১ ম্যাচে বাংলাদেশের জয় কেবল দুটি। ২০১৪ আসরে ওই দুটি জয়ের পর সবশেষ টানা ১৬ ম্যাচে আর ধরা দেয়নি জয়। সেই দলের জাহানারা আলম ও ফাহিমা খাতুন ছাড়া আর কেউ নেই এবারের দলে। দলের সেরা ব্যাটার ও অধিনায়কের পাশাপাশি বাংলাদেশের নারী ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হয়ে ওঠা নিগার কখনও বিশ্বকাপে জয়ের স্বাদই পাননি।

সেই খরা কাটানোর আশার পালে জোর হাওয়া লাগতে শুরু করেছে এবার বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই। গ্রুপে যে স্কটল্যান্ডও আছে! 

১০ দলের বিশ্বকাপে একমাত্র সহযোগী দেশ তারাই। স্কটিশ মেয়েদের সঙ্গে চারটি ম্যাচ খেলে কখনও হারেনি বাংলাদেশ। তাদের প্রতিও অবশ্য সমীহ আছে নিগারের। তবে জয়ের জোর বিশ্বাস এবার তিনি পাচ্ছেন। 

“যে পরিসংখ্যানের কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।”

“স্কটল্যান্ডের কথা বললেন, তারা এখন নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপের মতো জায়গায় সব দলই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই আসে। আমাদের লক্ষ্য থাকবে, লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা, বিশ্বকাপে একটি জয়, সেটা যেন পেতে পারি। সেই লক্ষ্যই থাকবে।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি সবার আগেই পেয়ে যাচ্ছে বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু নিগারদের বিশ্বকাপ। ম্যাচটিতে নিগারের বাড়তি রোমাঞ্চ থাকবে ব্যক্তিগত একটি অর্জনের কারণেও। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ম্যাচ এখন ৯৯টি। নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো সংস্করণে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই কিপার-ব্যাটার।  

নিজের মাইফলক ম্যাচটি দলীয় অর্জনেই রাঙাতে চান নিগার। 

“প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা। ব্যক্তিগতভাবে… ১০০তম ম্যাচ, অবশ্যই বড় ব্যাপার। যদিও জানি না এখনও, খেলতে পারব কি না… যদি সুস্থ থাকি ও খেলি, তাহলে লক্ষ্য তো এটাই থাকবে, এটা যেন স্পেশাল হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে সবার জন্য।”

প্রথম লক্ষ্য যদি পূরণ হয়ে যায়, তাহলে আরও বড় অর্জনের পথে ছোটার প্রেরণা পাবেন নিগাররা। দেশের নারী ক্রিকেটে নতুন জোয়ার আনা, দেশজুড়ে মেয়েদের ক্রিকেটে আকর্ষন করতে তেমন স্বপ্নই হৃদয়ে আঁকছেন অধিনায়ক। 

“২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে আমরা আর কখনও কোনো ম্যাচ জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু জিততে না পারলে সেই ভালোর কোনো মানে নেই। প্রথম তাই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, যখন আমরা ‘ফ্লো’ পাব…সেটিকে সঙ্গী করে…সেমি-ফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।”

“আমরা জানি যে, আমাদের ক্রিকেট যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় জায়গা আর হতে পারে না। ওখানে ভালো করলে, আমাদের মেয়েদের ক্রিকেট, শুধু আমরা নই, বাকি যে মেয়েরা, বাংলাদেশের জার্সি গায়ে যারা খেলতে চায় বা স্বপ্ন দেখে যে বাংলাদেশের হয়ে বড় কিছু করবে, তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।”

এই বিশ্বকাপ নিয়ে নিগারদের বাড়তি রোমাঞ্চও ছিল। বিশ্বকাপ হওয়ার কথা ছিল যে বাংলাদেশেই। কিন্তু দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিশ্বকাপ এখান থেকে সরে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে আয়োজক এখনও বাংলাদেশই। তবে খেলা হবে দুবাই ও শারজাহতে।

এই দুই ভেন্যুতে আগে কখনোই খেলেননি নিগাররা। এবার বিশ্বকাপের আগে অবশ্য দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আগামী শনিবার শ্রীলঙ্কা ও সোমবার পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ের দুটি ম্যাচ থেকে উইকেট নিয়ে ধারণা নিতে চান নিগার। 

“২০২২ সালে আমরা খেলেছি আবু ধাবিতে। সেখানে উইকেট অনেক সুন্দর ছিল। এবার শারজাহ আমাদের জন্য পুরো নতুন ভেন্যু। তবে দুটি প্রস্তুতি ম্যাচ আমরা খেলব, সেখান থেকে কম-বেশি কিছু ধারণা পাব। শুধু আমাদেরই যে সমস্যা হবে, তা কিন্তু হয়। প্রতিটি দলেরই একই চ্যালেঞ্জ থাকবে। আমরা যত দ্রুত মানিয়ে নিতে পারব, তত আমাদের জন্য সুবিধা হবে বড় মঞ্চে মূল ম্যাচগুলি খেলার জন্য।”

গ্রুপে চার ম্যাচের তিনটিই বাংলাদেশ খেলবে শারজাহতে। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর পর এখানে ৫ অক্টোবর খেলা ইংল্যান্ডের সঙ্গে ও ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুবাইয়ে ১২ অক্টোবর লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। 

সেমি-ফাইনার স্বপ্ন পূরণে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়েও বড় আশা মনের কোণে পুষছেন অধিনায়ক। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের সঙ্গে ১৪ টি-টোয়েন্টি খেলে জয় আছে দুটি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে তিনটি করে ম্যাচ খেলে হারতে হয়েছে সবকটি। 

এবার নিগারকে ভরসা জোগাচ্ছে আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট। 

“সেমি-ফাইনালে যেতে হলে কিন্তু শুধু স্কটল্যান্ড নয়, বাকি তিনটা ম্যাচ থেকেও জিততে হবে। প্রতিটি দলের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা তো অবশ্যই থাকবে। প্রতিটি ম্যাচের আগে যদি ওই দলের প্রতি বেশি মনোযোগ দেই এবং আপনারা যদি আমাদের ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য ভালো হবে।”

“আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছি টি-টোয়েন্টিতে। তাই তাদের বিপক্ষে আমাদের ভালো অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডের সঙ্গে আমাদের বরাবরই শুধু বিশ্বকাপে দেখা হয় এবং খুবই কম খেলা হয়। নতুন প্রতিপক্ষ, ওদের জন্যও কিন্তু কঠিন হতে পারে। শারজাহতে খেলা, আমাদের স্পিন ভালো। কে জানে (কিছু হতেও পারে)…!”

শেষ কথাটি বলেই মুচকি হাসিতে চোখ নাচালেন নিগার। তার চোখে-মুখে খেলে গেল আত্মবিশ্বাসের ঝিলিক।