২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাবেক স্পিনার দিলিপ দোশির জীবনাবসান

অনেক বছর ধরেই লন্ডনে বাস করছিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার, ৭৭ বছর বয়সে মারা গেছেন সেখানেই।

ভারতের সাবেক স্পিনার দিলিপ দোশির জীবনাবসান
দিলিপ দোশি ছিলেন ধ্রুপদি এক বাঁহাতি স্পিনার। ছবি:ইএসপিএনক্রিকইনফো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 11:57 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

লর্ডস বা ওভালে নানা ম্যাচে প্রায়ই গ্যালারিতে থাকতেন দিলিপ দোশি। ভারতের ম্যাচ হলে তো কথাই নেই। চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও নিশ্চিতভাবেই উপস্থিত থাকতেন তিনি। ‘থাকতেন’ লিখতে হচ্ছে, কারণ ক্রিকেট বা জীবন, সবকিছুর সীমানা ছাড়িয়ে গেছেন ভারতের সাবেক এই স্পিনার।

৭৭ বছর বয়সে লন্ডনে সোমবার মারা গেছেন দোশি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। 

খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অনেক বছর খেলেছেন দোশি। পরে থিতু হয়েছেন সেখানেই। অনেক বছর ধরেই লন্ডনে বাস করছিলেন তিনি।

দোশি ছিলেন ধ্রুপদি ঘরানার বাঁহাতি স্পিনার। ফ্লাইট ও লুপে চমৎকার নিয়ন্ত্রণ ছিল তার মূল অস্ত্র। নিয়ন্ত্রণ করাতে পারতেন টার্নও। ঘরোয়া ক্রিকেট ও কাউন্টি চ্যাম্পিয়নশিপে অনেক সাফল্যের পরও ভারতীয় দলে তার জায়গা হচ্ছিল না, কিংবদন্তি বিষেন সিং বেদি যে দলে ছিলেন! 

সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন বেদি ও ভারতের বিখ্যাত স্পিন কোয়ার্টেটের আড়ালে পড়ে থাকতে হয়েছে সেসময় অনেক ভারতীয় স্পিনারকেই। দোশি ছিলেন তাদেরই একজন।

বেদি শেষ টেস্ট খেলেন ১৯৭৯ সালের সেপ্টেম্বরের শুরুতে, এর এক সপ্তাহ পরই দোশির টেস্ট অভিষেক। ততদিনে বয়স হয়ে গেছে তার ৩২!

হারানো সময়টা পুষিয়ে দেওয়ার পণ করেই যেন নেমেছিলেন তিনি। অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ৬টিসহ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। পরবর্তী তিন-চার বছর ভারতীয় দলে তিনি ছিলেন অপরিহার্য অংশ।

খেলোয়াড়ি জীবনে দিলিপ দোশি। ছবি: আইসিসি এক্স।

খেলোয়াড়ি জীবনে দিলিপ দোশি

২৮ টেস্ট খেলে ১০০ উইকেট পূর্ণ করেন দোশি। তিনি ও কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট টেস্ট ইতিহাসের সেই দুজন বোলার, তিরিশের পর অভিষেকের পরও যারা উইকেটের সেঞ্চুরি করেছেন। 

১৯৮২-৮৩ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে  ইনিংসে ৫টিসহ ম্যাচে ৬ উইকেট নিলেও পরের দুই টেস্টে ভালো করতে পারেননি। এরপর আর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি তাকে। যদিও দলে তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি তখনও। তবে ভারতীয় ক্রিকেট যেভাবে চলছিল, তা মানতে পারছিলেন না তিনি।  অধিনায়ক সুনিল গাভাস্কারের সঙ্গে তার শীতল সম্পর্কও একটা বড় ব্যাপার ছিল। বিশেষ করে, পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে দুজনের সম্পর্ক চরম অস্বস্তিকর ছিল। এরপর ভারতীয় দল থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।

৩৩ টেস্টে ১১৪ উইকেট নিয়ে শেষ হয় তার ক্যারিয়ার। ১৫ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২২টি। 

১৯৮১ সালে মেলবোর্নে পায়ের অগ্রভগে চোট নিয়েও দোশির এক ইনিংসে ৫২ ওভার ও আরেক ইনিংসে ২২ ওভার বোলিং করে ম্যাচে ৫ উইকেট নিয়ে ভারতের দারুণ জয়ে অবদান রাখার কীর্তি স্মরণীয় হয়ে আছে এখনও। 

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার বর্ণাঢ্য। বাংলার হয়ে তার উইকেট ৩১১টি। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সৌরাস্ট্রের হয়েও। কাউন্টি ক্রিকেটে দাপটে খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। প্রথম শ্রেণিতে ২৩৮ ম্যাচে তার উইকেট ৮৯৮টি।

অবসর জীবনে ক্রিকেট মাঠে তার উপস্থিতি ছিল নিয়মিত। তার আত্মজীবনী ‘স্পিন পাঞ্চ’ ক্রিকেট মহলে বেশ সমাদৃত। ক্রিকেট চিন্তক হিসেবেও আলাদা পরিচিতি ছিল তার। রোলিং স্টোন্সের কিংবদন্তি মিক জ্যাগারের সঙ্গেও তাকে দেখা গেছে অনেক সময়। ১৯৭৬ সাল থেকেই দুজন খুব ভালো বন্ধু।

দিলিপ দোশির ছেলে নায়ান দোশিও ছিলেন বাঁহাতি স্পিনার। বাবার মতো তিনিও ভারতের ঘরোয়া ক্রিকেট ও কাউন্টিতে খেলেছেন। তবে ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭৪ লিস্ট ‘এ’ ও ৫২ টি-টোয়েন্টি খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেয়েই অবসরে গেছেন তিনি।