ওয়ালশের ২৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে শততম টেস্টে ব্র্যাথওয়েটের শূন্য
মাইলফলকের ম্যাচে তেতো অভিজ্ঞতা হলো ক্যারিবিয়ান ওপেনারের।
বিশেষ উপলক্ষ রাঙাতে পারলেন না ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিয়ারের শততম টেস্টে শূন্য রানে আউটের তেতো অভিজ্ঞতা হলো ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনারের।
গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউডকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ব্র্যাথওয়েট। ৮ বল খেলে রানের দেখা পাননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।
একশ বা এর বেশি টেস্ট খেলা ক্রিকেটার ব্র্যাথওয়েটসহ মোট ৮২ জন। এর মধ্যে শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া ১১তম ক্রিকেটার ব্র্যাথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশ টেস্ট খেলা দশম ক্রিকেটার তিনি। ক্যারিবিয়ানদের মধ্যে ব্র্যাথওয়েটের আগে শততম টেস্টে শূন্য রানে আউট হন কেবল কোর্টনি ওয়ালশ। ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে গায়ানা টেস্টে এই অভিজ্ঞতা হয়েছিল এই পেসারের।
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডও ওয়ালশের (৪৩ বার)।
শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ক্রিকেটার ভারতের দিলিপ ভেংসারকার। তার দেশ থেকে চেতেশ্বর পুজারা ও রাভিচান্দ্রান অশ্বিনেরও হয় এই অভিজ্ঞতা।
এই তালিকার বাকিরা হলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, মার্ক টেইলর, নিউ জিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি ও ইংল্যান্ডের অ্যালেস্টার কুক।
ব্র্যাথওয়েটের সামনে দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করার সুযোগ এখনও আছে।
