১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রথম ম্যাচে ব্রেভিসকেও পাচ্ছে না চেন্নাই

ব্রেভিসের অনুপস্থিতিতে চেন্নাইয়ের শক্তি আরও কমে গেল।

প্রথম ম্যাচে ব্রেভিসকেও পাচ্ছে না চেন্নাই
ডেওয়াল্ড ব্রেভিস। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

আইপিএল অভিযান শুরুর আগে চোটে জেরবার চেন্নাই সুপার কিংস। সাইড স্ট্রেইনের কারণে দলটির প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারবেন না ডেওয়াল্ড ব্রেভিস।

গুয়াহাটিতে সোমবার হবে এই ম্যাচ। আগের দিন ব্রেভিসের চোটের কথা জানান চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং। 

“সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি, এতে খুব বেশি দিন লাগবে না।”

ব্রেভিসের অনুপস্থিতিতে চেন্নাইয়ের শক্তি আরও কমল। ইতোমধ্যেই ফাস্ট বোলার ন্যাথান এলিসকে হারিয়েছে তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে পুরো আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার। পায়ের পেশির চোটের কারণে প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি।

এলিসের বদলি হিসেবে দলে নেওয়া আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনও চোট থেকে সেরে উঠছেন। আগামী ২১ থেকে ২৩ এপ্রিলের মধ্যে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 

গত আসরে পেসার গুরজাপনিত সিংয়ের বদলি হিসেবে চেন্নাইয়ে সুযোগ পেয়েছিলেন ব্রেভিস। ছয় ইনিংসে ১৮০ স্ট্রাইক রেটে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান করেছিলেন ২২৫ রান। ১২৫ বলে ছক্কা মেরেছিলেন তিনি ১৭টি। পরে তাকে ধরে রাখে চেন্নাই।

স্রেফ চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে ২০২৫ আইপিএল শেষ করেছিল চেন্নাই। এবারের আসরে ভাগ্য পরিবর্তনের চেষ্টায় থাকবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।