১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রুটের বার্তা ‘শতভাগ’ গ্রহণ করেছেন ইংলিশ ক্রিকেটাররা

ইংলিশ পেসার জশ টাংয়ের মতে, দলের সঙ্গে মাঠের বাইরের আচরণ নিয়ে অধিনায়কের খোলামেলা আলোচনার প্রয়োজন ছিল।

রুটের বার্তা ‘শতভাগ’ গ্রহণ করেছেন ইংলিশ ক্রিকেটাররা
জশ টাংকে দিক নির্দেশনা দিচ্ছেন জো রুট (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 08:52 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

মাঠের বাইরের আচরণ নিয়ে জো রুটের কড়া বার্তা দলের সবাই শতভাগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জশ টাং। ইংলিশ পেসারের মতে, দলের সঙ্গে এ নিয়ে অধিনায়কের খোলামেলা আলোচনার প্রয়োজন ছিল।

ইংলিশ ক্রিকেটারদের মাঠের বাইরে বিতর্কিত কাণ্ড ঘটানো নতুন কিছু নয়। তবে সম্প্রতি এর মাত্রা বেড়ে গেছে। সবশেষ নাইটক্লাব-কাণ্ডে দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স। এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনও একই পরিস্থিতিতে পড়েছিলেন।

গত রোববার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগের দিন রাতে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় পেছন দিকে হাত বাঁধা কার্সকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশের পক্ষ থেকে সোমবার নিশ্চিত করা হয়, মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে ইংলিশ পেসারকে অল্প সময়ের জন্য গ্রেপ্তার করে তারা। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট রেগুলেটর তদন্ত করছে। এর পরিপ্রেক্ষিতেই মূলত পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের দল থেকে কার্সকে বাদ দেয় ইংল্যান্ড।

স্টোকস অবসর নেওয়ার পর দ্বিতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব পাওয়া রুট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সতীর্থদের বারবার এমন কাণ্ডে ‘ভীষণ বিরক্ত’ তিনি। ইংলিশ ব্যাটিং গ্রেট আরও জানান, পরের টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন শুরুর আগে সতীর্থদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

বিবিসি স্পোর্টকে টাং বলেন, ওই রকম একটি আলোচনা তাদের খুব প্রয়োজন ছিল।

“এমন একটি আলোচনার প্রয়োজন ছিল। রুটির (জো রুট) পক্ষ থেকে খুব ভালো একটা আলোচনা ছিল।

“ইংল্যান্ডের ক্রিকেটার হওয়ার অর্থ কী- এ বিষয়ে তার বার্তাটি ছিল খুবই পরিষ্কার। ইংল্যান্ডের জার্সি পরতে পারা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। হাজারো মানুষের সামনে ইংল্যান্ডের হয়ে খেলা কতটা গর্বের ও আনন্দের, তা বেড়ে ওঠা শিশুদের আমরা দেখাতে চাই।”

নেতৃত্ব নেওয়ার পর রুটের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল দল থেকে মধ্যরাতের কারফিউ তুলে দেওয়া। সতীর্থদের ‘পরিণত ও দায়িত্বশীল’ মানুষের মতো আচরণ করার আহ্বান জানান তিনি। তার সেই ডাকে সবাই সাড়া না দিলেও, নিজের সিদ্ধান্তের পক্ষে কথা বলেন রুট।

কার্সের আচরণে বিরক্ত হয়ে ড্রেসিং রুমে সবার সঙ্গে কী কথা বলেছিলেন রুট, সেটার একটা ধারণা দেন টাং।

“ড্রেসিং রুমে তিনি আমাদের সবার সঙ্গেই সৎ ছিলেন। সরাসরি নিজের কথা বলেছেন। আর সেই আলোচনা শেষ হওয়ার পর থেকেই আমাদের সব মনোযোগ এখন আগামী পাঁচ দিনের ম্যাচের দিকে।”

রুটের বার্তা খেলোয়াড়দের কাছে ‘ঠিকমতো পৌঁছেছে কি না’ জানতে চাইলে টাং বলেন, “হ্যাঁ, শতভাগ। অতীতে যা ঘটেছে, সেটা অতীত। সেসব পেছনে ফেলে এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।”

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।