Published : 16 Oct 2025, 04:53 PM
বলের রঙ সাদা হোক বা লাল, গায়ের পোশাক হোক সাদা বা রঙিন, মার্নাস লাবুশেনের ব্যাটে রানের জোয়ার চলছে সব জায়গায়। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেছেন আরেকটি সেঞ্চুরি।
প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে বৃহস্পতিবার ১৯৭ বলে ১৫৯ রানের ইনিংস খেলেছেন লাবুশেন। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ড অধিনায়কের ইনিংসটি গড়া ১৯ চার ও এক ছক্কায়।
দুই সংস্করণ মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে তার সেঞ্চুরি হয়ে গেল চারটি! যার দুটি ৫০ ওভারের ম্যাচে, দুটি বড় দৈর্ঘ্যের ক্রিকেটে। এতে অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে জায়গা পাওয়ার দাবি আরও জোরাল করলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।
লাবুশেনের এই রান উৎসবের শুরু অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের নতুন মৌসুমের শুরুতে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের ইনিংস দিয়ে। পরের ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে আউট হলেও, শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ১৬০ রানের ইনিংস খেলেন তিনি তাসমানিয়ার বিপক্ষে।
পরদিন ভারতের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা হারান লাবুশেন। এর দুই দিন পরই তাসমানিয়ার বিপক্ষে ওয়ানডে কাপের ম্যাচে করেন ১০৫ রান।
ওই চারটি ম্যাচই ছিল কুইন্সল্যান্ডের ঘরের মাঠে, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচটি হচ্ছে অ্যাডিলেইড ওভালে। দুর্দান্ত ফর্ম ধরে রেখে এখানেও তিন অঙ্কের দেখা পেলেন লাবুশেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩৪তম সেঞ্চুরি, সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়।
ম্যাচের দ্বিতীয় দিন ৩৩ রানে কুইন্সল্যান্ডের প্রথম উইকেট পতনের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন লাবুশেন। পঞ্চাশে পা রাখেন তিনি ৬৮ বলে, ১২৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, দুটি মাইলফলকই স্পর্শ করেন চার মেরে।
চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি দলকে ২৯৪ রানে রেখে। প্রথম দিন সাউথ অস্ট্রেলিয়াকে ২২৮ রানে গুটিয়ে দেওয়া কুইন্সল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ৬ উইকেটে ৩১৯ রানে।
গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে জায়গা হারান লাবুশেন। টানা ৫৩ টেস্ট খেলার পর বাদ পড়েন তিনি।
গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে সময় ভালো কাটছে না তার। সবশেষ ৩০ ইনিংসে পাননি কোনো সেঞ্চুরি। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে থেকে সেঞ্চুরি স্রেফ একটি।
ঘরোয়া ক্রিকেটে এখন যে ফর্মে আছেন, অ্যাশেজ দলের বিবেচনায় তিনি থাকবেন ভালোভাবেই।
আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।