২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শামিকে হত্যার হুমকি, ১ কোটি রুপি দাবি

মেইলে এই হুমকি পাওয়ার কথা বলেছেন ভারতীয় পেসারের ভাই হাসিব আহমেদ।

শামিকে হত্যার হুমকি, ১ কোটি রুপি দাবি
মোহাম্মদ শামি। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 03:29 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

গৌতাম গাম্ভিরের পর এবার ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। সঙ্গে দাবি করা হয়েছে এক কোটি রুপিও।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, হুমকির বিষয়ে ভারতের উত্তর প্রদেশের আমরোহা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন শামির ভাই হাসিব আহমেদ।

এফআইআরে লেখা হয়েছে, আইপিএলে শামি ব্যস্ত থাকায়, গুরুত্বপূর্ণ কোনো বার্তা এলো কিনা সেটা দেখতে গত রোববার শামির মেইল ওপেন করেন হাসিব। তখনই হত্যার হুমকির মেইলটি চোখে পড়ে তার।

মেইলে প্রভাকার নামের আরেকজনের কথাও উল্লেখ করা হয়েছে। 

হাসিবের পক্ষ থেকে করা সেই অভিযোগপত্রে, রাজপুত সিন্দার নামের একটি আইডি থেকে এই হুমকি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ করার সময় মেইলের একটি প্রিন্ট কপি পুলিশের কাছে জমা দিয়েছেন হাসিব।

আমরোহার এসপি অমিত কুমার আনান্দ জানিয়েছেন, অভিযোগ পেয়ে দ্রুত তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। আসরে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেননি তিনি। ৯ ম্যাচ খেলে উইকেট নিতে পেরেছেন কেবল ৬টি। রান খরচ করেছেন ওভারপ্রতি ১১.২৩ করে।

গত মাসে প্রাণনাশের হুমকি পান ভারতের প্রধান কোচ গাম্ভিরও। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দিন দুটি মেইলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তার কাছ থেকে অবশ্য কোনো অর্থ চাওয়া হয়নি।

তখনই এই বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন ভারতের সাবেক ব্যাটসম্যান গাম্ভিরের সেক্রেটারি।