শুরুর আগেই ‘শেষ’ বুমরাহর শ্রীলঙ্কা সফর
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, তারকা এই পেসারকে মাঠে ফিরতে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ‘যাচ্ছেন না’ জাসপ্রিত বুমরাহ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় প্রয়োজন বলে মনে করছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। তারকা এই পেসারকে তাই মাঠে ফিরতে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে তারা।
বছরের শুরুর দিকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাম হাঁটুর সমস্যায় ভুগছেন বুমরাহ। মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে সেটা। সম্প্রতি যেমন, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ফের পান চোট।
গত ১৬ জুলাই ভারতের হয়ে সবশেষ ম্যাচ খেলেন বুমরাহ। কার্ডিফের ওই ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান তিনি। যার ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে যান ডানহাতি এই পেসার।
ক্রিকইনফো রোববারের প্রতিবেদনে লিখেছে, বুমরাহর দীর্ঘমেয়াদি ফিটনেসের কথা মাথায় রেখে, ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই বিসিসিআই মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী তার হাঁটুতে একটি ইনজেকশন দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সিলেন্সে’ ফিটনেস টেস্ট দেন বুমরাহ। ক্রিকইনফোর খবর, বিসিসিআইয়ের মেডিকেল টিম মনে করছে, এখনই বোলিংয়ে ফিরে এলে তার চোট আরও গুরুতর রূপ নিতে পারে। তেমন কিছু হলে, তাকে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হতে পারে।
বুমরাহর এই চোটের সঠিক ধরন এবং সেটা কতটা গুরুতর, সেই বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে অবশ্য এখনও আছেন বুমরাহ। তার ছিটকে পড়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই।
আগামী ১৫ অগাস্ট গলে শুরু ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৩ অগাস্ট।
