‘অধিনায়ক হওয়ার জন্য খেলি না’
নেতৃত্ব হারানোর ঘটনা পাকিস্তানের হয়ে খেলার জন্য তার নিবেদনে কোনো প্রভাব পড়েনি বলেই মনে করেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান জাতীয় দলে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বের অধ্যায় শেষ হয়ে যায় স্রেফ এক সিরিজেই। নাটকীয়ভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। বিতর্কিত সেই অধ্যায় নিয়ে পেছনে ফিরে তাকালেন দলটির এই তারকা পেসার। বললেন, অধিনায়ক হওয়াটা কখনোই তার লক্ষ্য নয়। নিজের খেলাতেই তার সব মনোযোগ।
ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত নভেম্বরের মাঝামাঝি সব সংস্করণের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন বাবর আজম। পরে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয় শান মাসুদকে, টি-টোয়েন্টির দায়িত্ব পান আফ্রিদি। ওয়ানডে ম্যাচ তখন ছিল না বলে কাউকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি।
আফ্রিদির নেতৃত্বে নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। ওই এক সিরিজেই শেষ হয়ে যায় এই পেসারের নেতৃত্বের অধ্যায়। গত মে মাসে তাকে সরিয়ে বাবরকে সাদা বলের দুই সংস্করণের নেতৃত্বে ফেরায় পিসিবি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, নেতৃত্বের বদলটা যেভাবে করা হয়েছে, তাতে হতাশ ও বিরক্ত ছিলেন আফ্রিদি। অধিনায়কত্ব নেওয়ার সময় তিনি চেয়েছিলেন লম্বা সময়ের জন্য দায়িত্ব। সেই প্রতিশ্রুতিও তাকে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। নেতৃত্ব থেকে সরানো নিয়েও তাকে কোনো কিছু ব্যাখ্যা করা হয়নি বা পরিষ্কার করে কিছু বলা হয়নি। যোগাযোগের এই ঘাটতি আফ্রিদির মনে আঘাত দেয় বলে খবর প্রকাশিত হয়।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২৪ বছর বয়সী আফ্রিদি বলেন, নেতৃত্ব হারানোর ঘটনায় পাকিস্তানের হয়ে খেলার জন্য তার নিবেদনে কোনো প্রভাব পড়েনি।
“আমার জন্য পাকিস্তান আগে। তারপর দল, তারপর আমি নিজে। আমি অতীত নিয়ে ভাবি না, আমি বর্তমানে থাকি। আমি ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না, কারণ যদি বর্তমান ভালো থাকে, তাহলে আগামীও ঠিক থাকবে। আমাকে অধিনায়কত্ব দেওয়া হোক বা কেড়ে নেওয়া হোক, এগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি এসবের জন্য ক্রিকেট খেলি না।”
অধিনায়কত্ব হারানোটা আফ্রিদির খেলায় যে প্রভাব ফেলেনি, তা স্পষ্ট পরিসংখ্যানেও। বাবর নেতৃত্বে ফেরার পর ১৩ টি-টোয়েন্টিতে ১৪.৩৪ গড়ে আফ্রিদির শিকার ২৩ উইকেট। ইনিংসে অন্তত ৩ উইকেটের দেখা পেয়েছেন ছয় বার।
নেতৃত্বের পালাবদল পাকিস্তান দলের জন্য অবশ্য সুখকর হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা।
নেতিবাচক কোনো কিছু নিয়ে না ভেবে আফ্রিদির লক্ষ্য, পাকিস্তানকে আরও বেশি ম্যাচ জেতানো।
“আমি ক্রিকেট খেলি পাকিস্তানকে সেবা করার জন্য। সম্মানের সঙ্গে আমি খেলব, পাকিস্তানকে আরও বেশি জেতানোর জন্য খেলব। (আমাকে নিয়ে) নেতিবাচক প্রতিবেদন আমি দেখি না। যদি এসব দেখতে থাকি, তাহলে পারফর্ম করব কীভাবে? আমার অভিপ্রায় সবসময়ই দলের জন্য লড়াই করা। আমি লড়াই চালিয়ে যাব। যতদিন খেলব, পাকিস্তানের হয়ে গর্বের সঙ্গেই খেলব।”
