Published : 03 Feb 2026, 08:03 PM
ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল, টি-টোয়েন্টিতে ছিলেন সহ-অধিনায়ক। কিন্তু তাকেই ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ দলে রাখা হয়নি, যা বেশ অবাক করেছে রিকি পন্টিংকে। তবে গিলের মতো একজনের বাদ পড়ায় ভারতীয় ক্রিকেটের গভীরতার প্রমাণও পাচ্ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ব্যাটিং গ্রেট।
গিলকে অবশ্য হুট করে বাদ দেয়নি ভারত। টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না; সবশেষ ১৫ ম্যাচে কোনো ফিফটি করতে পারেননি তিনি। এই ফর্মহীনতাই বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার পথে বাধা হয়েছে দাঁড়িয়েছে।
গিলকে টি-টোয়েন্টিতে খেলানো নিয়েই অনেকদিন ধরে ভারতীয় ক্রিকেট চলছিল আলোচনা-সমালোচনা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে অনেকটা হুট করেই ১৩ মাস পর টি-টোয়েন্টি দলে ফেরানো হয় তাকে। তখন থেকেই উঠছিল অনেক প্রশ্ন। পরে একের পর এক ম্যাচে ভালো করতে না পারায় সেগুলো আরও উচ্চকিত হয়।
তবুও, গিলের মতো একজনের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া বিশ্বাস হচ্ছে না পন্টিংয়ের। আইসিসি রিভিউয়ে তিনি এ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
“আমি এটা বিশ্বাস করতে পারছি না। জানি, সাদা বলে তার সাম্প্রতিক ফর্ম ভালো নয়। শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজে তাকে খুব ভালো খেলতে দেখেছি, সেখানে সে এত ভালো ব্যাটিং করেছিল যা আমি কখনও কাউকে করতে দেখিনি। প্রথমত, আমি (বিশ্বকাপের দল থেকে গিলের বাদ পড়ায়) অবাক হয়েছি। তবে এতে ভারতীয় ক্রিকেটের গভীরতার প্রমাণ মেলে।”
“শুভমান গিলের মতো দুর্দান্ত একজন ক্রিকেটারকে তারা যদি বিশ্বকাপ দলে না নেওয়ার কথা ভাবতে পারে, তাহলে এটি প্রমাণ করে যে, তাদের কত ভালো খেলোয়াড় আছে।”
ভারতের হয়ে টি-টোয়েন্টি এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১৩৮.৫৯ স্ট্রাইক রেটে ৮৬৯ রান করেছেন গিল। ব্যাটিং গড় কেবল ২৮.০৩। একটি সেঞ্চুরির সঙ্গে করেছেন তিনটি ফিফটি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ১৭৫ ম্যাচ খেলে পাঁচ হাজার ৪১২ রান করেছেন গিল ১৩৮.৮০ স্ট্রাইক রেট ও ৩৬.৮১ গড়ে। নামের পাশে ছয় সেঞ্চুরি ও ফিফটি ৩২টি।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরিয়াকুমার ইয়াদাভের দল পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের অন্য চার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত।