Published : 11 Apr 2024, 10:40 PM
গতির ঝড় তুলে আলোচনায় আসা মায়াঙ্ক ইয়াদাভকে ভোগাচ্ছে নিতম্বের চোট। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরবর্তী দুই ম্যাচে তরুণ এই পেসারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। কোচ জাস্টিন ল্যাঙ্গারের আশা, সমস্যা কাটিয়ে দ্রুতই বোলিংয়ে বোলিংয়ে ফিরবেন গতিময় এই পেসার।
ঘরের মাঠে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লাক্ষ্ণৌ। এর আগের দিন সংবাদ সম্মেলনে চোটের জন্য মায়াঙ্কের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তার কথা জানান ল্যাঙ্গার।
গত রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে লাক্ষ্ণৌর আগের ম্যাচে কেবল এক ওভার বোলিং করে মাঠ ছাড়েন মায়াঙ্ক। পরের দিন দলের প্রধান নির্বাহী জানান, তলপেটে সমস্যা অনুভব করেছিলেন ২১ বছর বয়সী পেসার। বৃহস্পতিবার ল্যাঙ্গার জানান, সেরে না ওঠায় দিল্লি ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
“গত ম্যাচের আগে নিতম্বের উপরের দিকে সমস্যা অনুভব করেছিল মায়াঙ্ক। খুব বেশি নয়, ১০ এর মাপকাঠিতে হয়তো ব্যথার মাত্রা ছিল এক।”
চিকিৎসক ও ফিজিওর ছাড়পত্র পাওয়ার পরই গুজরাটের বিপক্ষে খেলেন মায়াঙ্ক। তবে, এক ওভার বোলিং করার পর নিতম্বে ব্যথা অনুভব করেন তিনি। লাক্ষ্ণৌ কোচ জানান, পরে পরীক্ষায় মৃদু চোট ধরা পড়ে।
“আমরা এমআরআই স্ক্যান করাই। সেখানে খুবই স্বল্প ফোলাভাব ধরা পড়ে। তাই আমরা খুবই আশাবাদী, সে সেরে উঠবে এবং দ্রুতই বোলিংয়ে ফিরবে।”
দিল্লির বিপক্ষে খেলার দুই দিন পরেই কলকাতায় খেলতে হবে লাক্ষ্ণৌকে। ল্যাঙ্গার মনে করেন, এই ধরনের যাত্রা মায়াঙ্কের সেরে ওঠার পথ কঠিন করে তুলতে পারে।
“এখন সেটাই পরিকল্পনা (চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯ এপ্রিলের ম্যাচের জন্য মায়াঙ্ককে ফিট করে তোলা)। সম্ভব হলে প্রতিটি ম্যাচেই আমরা তাকে চাই।”
“আমাদের পরের ম্যাচে খেলার জন্য তৈরি থাকতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। আগামীকাল সে খেলবে না…তবে যখনই সম্ভব তখন খেলার জন্য সে কাজ করে যাচ্ছে।”