১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯৪ রানের পর ১০১, ঝড়ো সেঞ্চুরিতে প্রিটোরিয়াসের রেকর্ড

ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভেঙে দিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

৯৪ রানের পর ১০১, ঝড়ো সেঞ্চুরিতে প্রিটোরিয়াসের রেকর্ড
সেঞ্চুরির পর লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ছবি: ক্রিকেট নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 09:16 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

আগের ম্যাচে সেঞ্চুরি পাননি ছয় রানের জন্য। সেই আক্ষেপ পরের ম্যাচেই ঘুচে গেল লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের। বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

নামিবিয়ার উইন্ডহুকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ৫৩ বলে ১০১ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। আট ছক্কা ও পাঁচ চারে গড়া এই ওপেনারের ইনিংসটি।

২০ বছর ১৬১ দিন বয়সে ইনিংসটি খেলে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই। ভেঙে দিলেন ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড। গত বছর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেভিস সেঞ্চুরি করেছিলেন ২২ বছর ১০৫ দিন বয়সে। 

আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নামিবিয়ার বিপক্ষে শুরু করেন প্রিটোরিয়াস। মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে ডানা মেলেন তিনি। অন্য প্রান্তে ঝড় তোলেন কনর এস্তেহেইজেনও। 

আট ছক্কা ও ছয় চারে ৪০ বলে ৮৮ রান করে এস্তেহেইজেন আউট হন দ্বাদশ ওভারে। থামে ৭০ বলে ১৫৬ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটি।

২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যান প্রিটোরিয়াস। পরের পঞ্চাশ করতে তার লাগে কেবল ২৪ বল। ৮৯ থেকে শেষ ওভারের তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। আউট হয়ে যান পরের বলে। 

২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ২২৮ রান।