২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের অনন্য কীর্তি, আকরামের স্মৃতি ফেরালেন বুমরাহ

স্টিভেন স্মিথের সেঞ্চুরি ও জাসপ্রিত বুমরাহর পাঁচ উইকেটে ধরা দিয়েছে ব্যক্তিগত রেকর্ড-অর্জন।

স্মিথের অনন্য কীর্তি, আকরামের স্মৃতি ফেরালেন বুমরাহ
স্টিভেন স্মিথ (বাঁয়ে) ও জাসপ্রিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 07:55 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

লর্ডস টেস্টে ২০২৩ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রানের ইনিংস খেলেছিলেন স্টিভেন স্মিথ। তারপর থেকে আর তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে ব্রিজবেন টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে দীর্ঘ খরা কাটালেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এই শতকে একটি ‘প্রথম’- এর জন্মও দিলেন তিনি।

সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন স্মিথ ও ট্রাভিস হেডের সেঞ্চুরি, জাসপ্রিত বুমরাহর পাঁচ উইকেটে ধরা দেয় বেশ কিছু ব্যক্তিগত রেকর্ড-অর্জন। সেসবের কিছু তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।

স্মিথ যেখানে প্রথম

ভারতের বিপক্ষে স্মিথের টেস্ট সেঞ্চুরি হলো ১০টি। তার ১২টি সেঞ্চুরি আছে ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে ভিন্ন দুই দলের বিপক্ষে ১০ বা এর বেশি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। 

ভারতের বিপক্ষে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও। তার সমান ১০টি সেঞ্চুরি আছে ইংল্যান্ডের জো রুটের।

নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ১০ বা এর বেশি সেঞ্চুরি আছে আরও সাত জনের- স্যার ডন ব্র্যাডম্যান (ইংল্যান্ডের বিপক্ষে ১৯টি), সুনিল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি), জ্যাক হবস (অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২টি), সাচিন টেন্ডুলকার (অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি), কুমার সাঙ্গাকারা (পাকিস্তানের বিপক্ষে ১০টি), গ্যারি সোবার্স (ইংল্যান্ডের বিপক্ষে ১০টি), স্টিভ ওয়াহ (ইংল্যান্ডের বিপক্ষে ১০টি)। 

স্মিথের ওপরে কেবল পন্টিং

স্মিথের টেস্ট সেঞ্চুরি হলো ৩৩টি। তিনি ছাড়িয়ে গেলেন স্টিভ ওয়াহকে, ৩২টি। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল রিকি পন্টিংয়ের, ৪১টি।

সবচেয়ে লম্বা খরা

২৫ ইনিংসের মধ্যে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন স্মিথ। তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সেঞ্চুরি-খরা এটিই। ২০১০ সালে অভিষেক থেকে ২০১৩ সালে প্রথম সেঞ্চুরি পাওয়ার মাঝে ২২ ইনিংস ছিল আগের সর্বোচ্চ। 

৩৪ বছরে প্রথম বুমরাহ

প্রথম ইনিংসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পড়া ৭ উইকেটের ৫টিই বুমরাহর শিকার। চলতি সিরিজে দ্বিতীয়বার এবং অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।

১৯৯০ সালে পাকিস্তানের ওয়াসিম আকরামের পর প্রথম সফরকারী পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তিন বা এর বেশিবার পাঁচ উইকেট নেওয়ার নজির এটি। এক্ষেত্রে পেস-স্পিন মিলিয়ে সবশেষ সফরকারী বোলার ছিলেন আকরামের স্বদেশী, লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

২০০৪ থেকে ২০১০ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫ টেস্ট খেলে কানেরিয়া এই স্বাদ পান তিনবার- ২০০৪ সালে মেলবোর্নে, ২০০৫ সালে সিডনিতে, ২০১০ সালেও সিডনিতে।

আকরাম ১৯৯০ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৯ টেস্টে পাঁচ উইকেট পান তিনবার- সবগুলোই দেশটিতে তার প্রথম তিন ইনিংসে।

অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলতে নেমেই মেলবোর্নে গতি আর মুভমেন্টে প্রথম ইনিংসে ৬টির পর দ্বিতীয় ইনিংসে তিনি উইকেট নেন ৫টি। দল হারলেও ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই। অ্যাডিলেইডে পরের টেস্টে প্রথম ইনিংসেও নেন ৫ উইকেট।

তবে অস্ট্রেলিয়ায় পরে আরও ১২ ইনিংসে বোলিং করে আর কখনোই পাঁচ উইকেট পাননি তিনি। ৪ উইকেট নিতে পারেন কেবল একবার।

বুমরাহ অস্ট্রেলিয়ায় প্রথমবার পাঁচ উইকেট পান ২০১৮ সালে মেলবোর্নে। এরপর এবারের সিরিজে পার্থে প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয়টিতে ৩টি উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

অস্ট্রেলিয়ায় সফরকারী বোলারদের মধ্যে সর্বোচ্চ ১০ বার পাঁচ উইকেটের স্বাদ পান নিউ জিল্যান্ডের গ্রেট স্যার রিচার্ড হ্যাডলি, ২১ ইনিংসে। ২৫ ইনিংসে ৮ বার এই স্বাদ পান ইংল্যান্ডের সিডনি বার্নস। 

কাপিলকে ছাড়িয়ে বুমরাহ

এশিয়ার বাইরে এই নিয়ে ১০ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ, কোনো ভারতীয় বোলারের যা সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন ৯ বার এই স্বাদ পাওয়া কাপিল দেবকে। 

টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে ১২ বার পাঁচ উইকেট পেলেন বুমরাহ।