‘উঁচু মানের ট্রেনার বাংলাদেশে ৩ জন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ২০-৩০ জন’
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের পার্থক্য তুলে ধরলেন বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কাইলি।
বাংলাদেশের ট্রেনারদের বেশ প্রশংসাই করলেন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কাইলি। স্থানীয় ট্রেনারদের তাড়না ও শেখার ইচ্ছের কথা তিনি তুলে ধরলেন। তবে তার একটি কথাতেই ফুটে উঠল বড় ক্রিকেট শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ফিটনেসের মানের পার্থক্য। বাংলাদেশে উঁচুমানের ট্রেনার যেখানে বড়জোর তিনজন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেই সংখ্যাটি ১০ বা ২০ গুণ বেশি।
টানা খেলার মধ্যে থাকায় বাংলাদেশের জাতীয় ক্রিকেটারদের নিয়ে আলাদা ফিটনেস ক্যাম্প করার সুযোগ হয় কমই। এবার কিছু দিন ফাঁকা সময় পেয়ে সেই সুযোগটিই কাজে লাগানো হচ্ছে। গত ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে প্রায় দুই সপ্তাহের ছুটির পর শুরু হয় ফিটনেস ক্যাম্প, যা চলছে এখনও।
ক্যাম্পে এবার যথারীতি টাইম ট্রায়াল হয়েছে, জিমে স্ট্রেংথ বাড়ানো ও মাঠে রানিংসহ নানারকম ড্রিল চলছে। এসবের ফাঁকে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ক্যাম্প ও ফিটনেস সংক্রান্ত নানা দিক থেক কথা বললেন কাইলি। তার কথাতেই ফুটে উঠল বিশ্বমানের ফিটনেসের বাস্তবতায় কোন কোন জায়গায় কতটা পিছিয়ে আছে বাংলাদেশ।
কাইলির চোখে, জাতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজের পথে একটি বড় বাধা ক্রিকেট সূচি। অন্য বেশির ভাগ দেশের মতো বাংলাদেশের সুনির্দিষ্ট ক্রিকেট মৌসুম নেই। কখনও টানা, কখনও ছড়িয়ে ছিটিয়ে বছরজুড়েই খেলা থাকে। লম্বা ফিটনেস ক্যাম্প তাই হয় কম সময়ই।
এবার যেমন খানিকটা বিরতি থাকায় তা কাজে লাগানো হচ্ছে, বললেন কাইলি।
“সূচির মধ্যে যখনই আমরা একটু ফাঁকা সময় পাই, চেষ্টা করি ক্রিকেটারদের শারীরিক কসরত করাতে। কিছু শারীরিক কাজ করার ভালো সুযোগ এটি। বাংলাদেশের একটা ব্যতিক্রমী ব্যাপার হলো, তারা প্রায় ১২ মাস ধরেই খেলে। পাশ্চাত্যের দলগুলির অনেক সময় অফ-সিজন থাকে। আমাদের এখানে সেই বিলাসিতার জায়গা নেই। তাই যখনই এই ছোট ছোট ফাঁক পাওয়া যায়, আমরা কিছু শারীরিক কাজ ও পরীক্ষা নেওয়ার চেষ্টা করি।”
“আমরা পরীক্ষা নিয়েছি এই কারণে যে, কোন ক্রিকেটারের ব্যক্তিগত ট্রেনিংয়ে কোন জায়গায় গুরুত্ব দিতে হবে। এখানে ফিটনেস পরীক্ষায় পাস বা ফেল করার ব্যাপার নেই। এটা স্রেফ ক্রিকেটারদের যার যার শারীরিক ফিটনেসে শক্তি ও দুর্বলতার জায়গা বোঝার ব্যাপার। আমাকে এটা সহায়তা করবে ওদের ব্যক্তিগত ট্রেনিং প্রোগ্রাম সাজাতে।”
ফিটনেস নিয়ে কাজ করার প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের তাড়নার ঘাটতি দেখেন না কাইলি। তবে ফিটনেস নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করার পথে অন্যান্য দেশের সঙ্গে সূচির বাস্তবতার পার্থক্যটি আবারও তুলে ধরলেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ।
“ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আজকেও সেটির প্রমাণ দেখা গেছে। যে ধরনের কন্ডিশনিং আজকে আমরা করেছি, কিছু চ্যালেঞ্জিং ড্রিল ছিল। আপনারা যদি মনে করেন এসব চ্যালেঞ্জিং নয়, তাহলে স্বাগত জানাচ্ছি একদিন আমাদের সঙ্গে এসব করতে। আপনারা তখন বুঝতে পারবেন। তাদের মানসিকতা ও প্রচেষ্টা অসাধারণ। তারা নিজেদের তাড়িত করে প্রবলভাবে।”
“আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো শারীরিক কাজ বড় পরিসরে করার সুযোগ বের করা। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় যেমন আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, ১৫ সপ্তাহের মতো প্রাক-মৌসুম থাকে। আমাদের কেবল ছোট ছোট উইন্ডো থাকে। কাজেই যখনই সুযোগ মেলে, ওই শারীরিক কাজগুলো করার নিয়মিত চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় আমাদের।”
ফিটনেস ট্রেনিং যারা করাবেন, তাদের ব্যাপারটিও তুলে ধরলেন কাইলি। শুধু জাতীয় ক্রিকেটারদের দিয়েই তো একটা দেশের ফিটনেসের মান নির্ধারিত হয় না। ঘরোয়া ক্রিকেটে যারা নিত্য লড়ছেন নিজেদের মেলে ধরতে, জাতীয় দলে ঢোকার দাবি জানাতে বা উঠতি ক্রিকেটার যারা, তাদের নিয়ে কাজ করার জন্য যোগ্য ট্রেনার যে যথেষ্ট পরিমাণে নেই এই দেশে!
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে এখানে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখালেন অস্ট্রেলিয়ান এই ট্রেনার।
“বাংলাদেশে আমাদের অ্যাথলেটিসিজম উন্নতি করার পথে মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে… আমার মনে হয়, এখন আমাদের সম্ভবত তিনজন খুব উঁচু মানের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আছেন, যারা বিসিবির চাকরিতে আছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে হয়তো এমন ট্রেনারের সংখ্যা ২০-৩০ জন।”
“আমাদের এখানে স্থানীয় অনেক ট্রেনার আছেন, যাদের তাড়না অনেক ও কঠোর পরিশ্র করছে। আমার বড় দায়িত্ব হলো তাদের স্কিল গড়ে তোলায় সহায়তা করা। তবে দিনশেষে, এটা তো গোটা সিস্টেমের ব্যাপার। আমাদের ঘরোয়া ক্রিকেটের ট্রেনাররা এমনিতে ভালো কাজ করেন। কিন্তু এটা প্রতিনিয়ত উন্নতির ব্যাপার, সেটা শুধু ক্রিকেটারদের নয়, গোটা ক্রিকেট সিস্টেমেরই। আমাদের ঘরোয়া ক্রিকেটারদের বছরজুড়ে কঠোর পরিশ্রম করা ও শারীরিক ফিটনেস ধরে রাখা নিশ্চিত করতে একটি সিস্টেম গড়ে তোলার পথে আমার মনে হয় আমরা বেশ উন্নতি করেছি।”
