২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনিদের হারিয়ে কোহলিদের ১৮ বছরের অপেক্ষার অবসান

দেড় যুগ আগে-পরের এই দুই ম্যাচে খেলেছেন শুধুই দুজন ক্রিকেটার।

ধোনিদের হারিয়ে কোহলিদের ১৮ বছরের অপেক্ষার অবসান
আরেকটি উইকেট, বেঙ্গালুরুর খেলোয়াড়দের উল্লাস। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 12:14 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

আইপিএলের প্রথম আসর ছিল সেটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক তখন রাহুল দ্রাবিড়। জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, মিসবাহ-উল-হাক, অনিল কুম্বলে তার সঙ্গী। তাদের নিয়ে গড়া বেঙ্গালুরু চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সেই যে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল, তারপর থেকে এখানে দলটির বিপক্ষে জিততেই ভুলে গিয়েছিল তারা। অবশেষে প্রায় ১৮ বছর পর ফের এই মাঠে চেন্নাইকে হারাতে পারল তারা।

আইপিএলের অষ্টাদশ আসরে শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর জয় ৫০ রানে।

দেড় যুগ আগের সেই ম্যাচের দুজন ছিলেন এবারের লড়াইয়েও। তখন চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন মাহেন্দ্র সিং ধোনি, যার নেতৃত্বে দলটি শিরোপা জিতেছে রেকর্ড পাঁচবার। তখনকার তরুণ ভিরাট কোহলি ছিলেন বেঙ্গালুরু দলে, একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের সবগুলো আসরে যিনি খেলছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।

আইপিএলে এই মাঠে ১০ ম্যাচে বেঙ্গালুরুর জয় হলো এই ২টি। 

বেঙ্গালুরুর এবারের জয়ের নায়ক তাদের নতুন অধিনায়ক রাজাত পাতিদার। চারে নেমে ৩টি ছক্কায় ও ৪টি চারে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।

কোহলি এদিন ৩১ রান করতে খেলেন ৩০ বল। তিনটি ক্যামিও ইনিংস খেলেন ফিল সল্ট (১৬ বলে ৩২), দেভদুত পাডিক্কাল (১৪ বলে ২৭) ও টিম ডেভিড (৮ বলে ২২*)। 

২০ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়ে বেঙ্গালুরু।

জবাবে ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা চেন্নাই ৮ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি।

তাদের প্রথম পাঁচ জনের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল একজন। সেই রাচিন রাভিন্দ্রার ৩১ বলে ৪১ রানই দলের সর্বোচ্চ।

বিস্ময়করভাবে ধোনিকে নামানো হয় রাভিচান্দ্রান অশ্বিনেরও পরে, ৯ নম্বরে! ২ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ৪৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি। 

৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুর সফলতম বোলার অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড। 

প্রথম দুই ম্যাচের দুটিই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বেঙ্গালুরু। জয়ে শুরুর পর প্রথম হারের স্বাদ পেল চেন্নাই।