১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

না খেলেই বাদ ফারজানা, টি-টোয়েন্টিতেও এলেন শারমিন

বিশ্বকাপ বাছাইয়ের দলে কেবল একটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

না খেলেই বাদ ফারজানা, টি-টোয়েন্টিতেও এলেন শারমিন
টপ অর্ডার ব‍্যাটার শারমিন সুলতানা। ছবি: শারমিন সুলতানার ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 03:54 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন‍্য দলে কেবল একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। না খেলেই বাদ পড়েছেন ফারজানা হক। অভিজ্ঞ এই ব‍্যাটারের জায়গায় এসেছেন শারমিন সুলতানা।

২০১৭ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শারমিনের। এখন পর্যন্ত দেশের হয়ে কেবল ওয়ানডেতেই খেলেছেন তিনি। এবার টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি তার সামনে। 

মাঝে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন শারমিন। শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে সিরিজ দিয়ে সাড়ে ছয় বছর পর দলে ফেরেন এই ওপেনার। প্রথম ওয়ানডেতে আউট হন তিনি শূন‍্য রানে। দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রান করার পর, তৃতীয় ম‍্যাচে রান আউট হন ১৭ রান করে।

এবার টি-টোয়েন্টিতে নিজের সামর্থ‍্য দেখানোর সুযোগ পেতে পারেন ৩২ বছর বয়সী ব‍্যাটার। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার হবে প্রথম টি-টোয়েন্টি, একদিন পর দ্বিতীয়টি। ২ মে হবে তৃতীয় ও শেষ ম‍্যাচ। প্রতিটি ম‍্যাচই শুরু হবে বেলা দেড়টায়। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ সবশেষ খেলেছে বছরের শুরুতে, বিশ্বকাপ বাছাইয়ে। ফারজানা ছাড়া ওই টুর্নামেন্টে অপরাজিত চ‍্যাম্পিয়ন হওয়া দলটির বাকি ১৪ জন ধরে রেখেছেন জায়গা। অভিজ্ঞ ফারজানার জায়গা হয়েছে অপেক্ষমান তালিকায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।

স্ট্যান্ড বাই: ফারজানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, তাজনেহার