১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাকিবের ১ উইকেট ও শূন্য

বোলিং খারাপ না করলেও, ব্যাটিংয়ে ভালো করতে পারলেন না বাংলাদেশের তারকা।

সাকিবের ১ উইকেট ও শূন্য
সাকিব আল হাসান। ফাইল ছবি: জাফনা কিংস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 12:15 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বোলিংয়ে প্রথম ওভারে হজম করলেন দুটি ছক্কা। পরে ঘুরে দাঁড়িয়ে একটি উইকেটও পেলেন সাকিব আল হাসান। কিন্তু জ্বলে উঠতে পারলেন তিনি ব্যাটিংয়ে, আউট হলেন প্রথম বলেই। 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বৃহস্পতিবার জাফনা কিংসের হয়ে গল গ্যালান্টসের বিপক্ষে তিন ওভারে ২৭ রানে একটি উইকেট পান সাকিব।

ডাম্বুলায় ২০ ওভারে গল করে ৮ উইকেটে ১৯৩ রান। 

লক্ষ্য তাড়ায় চার নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে শূন্য রানে আউট হন বাংলাদেশের তারকা সাকিব।

১৩৩ রানে অলআউট হয়ে ৬০ রানে হারে জাফনা।

টস হেরে ব্যাটিংয়ে নামা গলের ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে পান সাকিব। প্রথম বলেই তাকে ছক্কায় ওড়ান ক্রিস লিন। তৃতীয় বলে আরেকটি ছক্কা মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। 

ওভারের বাকি তিন বলে অবশ্য এক রানের বেশি দেননি সাকিব।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে ফিরে আঁটসাঁট বোলিং করেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার, দেন কেবল ৫ রান।

একাদশ ওভারে তার প্রথম চার বলে রান আসে তিনটি। পঞ্চম বলে ছক্কা মারেন দাসুন শানাকা। শেষ বলে প্রতিপক্ষের এই অধিনায়ককে ফিরিয়ে প্রতিশোধ নেন সাকিব। বেরিয়ে এসে খেলে টাইমিং করতে পারেননি শানাকা। লং অফ থেকে সামনে এগিয়ে সহজ ক্যাচ মুঠোয় জমান ইব্রাহিম জাদরান। 

পরে আর বোলিং পাননি সাকিব।

রান তাড়ায় তৃতীয় ওভারে কামিল মিশারার বিদায়ের পর, ব্যাটিংয়ে নামেন তিনি। কিন্তু স্পিনার থারিন্দু রাত্নায়াকের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান।

আসরে সাকিবের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে অসাধারণ বোলিংয়ে চার ওভারে স্রেফ ১২ রানে ২টি উইকেট নেন তিনি। পরের ম্যাচে কলম্বো ক্যাপ্সের বিপক্ষে শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। পরে দুই ওভারে ১৯ রানে একটি উইকেট নিয়ে দলের ৫ রানের জয়ে রাখেন অবদান।