Published : 21 Jul 2026, 11:57 PM
ঘরের মাঠে ভারত বিপক্ষে সিরিজ নিয়ে থাকা ধোঁয়াশা দ্রুত কাটবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিরিজটির নিয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে তিনি আলোচনা করেছেন। ক্রীড়া কূটনীতিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬ জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গত বছর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতায় তা স্থগিত হয়। তখন জানানো হয়, দুই দেশের মধ্যে ফাঁকা সময় খুঁজে বের করে পরবর্তীতে এই সিরিজ আয়োজন করা হবে।
চলতি বছরের শুরুতে পুরো বছরের প্রাথমিক সূচি প্রকাশ করে বিসিবি। সেই অনুযায়ী অগাস্ট-সেপ্টেম্বরে এই সিরিজ আয়োজিত হওয়ার কথা। তবে এই সিরিজ নিয়ে এখনও দুই বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দলটির।
আমিনুল বলেন, ভারতীয় হাইকমিশনও অপেক্ষায় আছে সেপ্টেম্বরে ভারত দল বাংলাদেশ সফর করবে।
“ইতিমধ্যে আমি নিজেই ভারতীয় হাইকমিশনে কথা বলেছি। তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। তারা সবাই অপেক্ষায় করছে, সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে।”
নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ফলে দুই বোর্ডের মধ্যে তৈরি হওয়া এই টানপোড়েন দ্রুত কেটে যাবে বলে বিশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।
“বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি…
বিগত সময়ে ছোট এক ঘটনাকে কেন্দ্র করে একটি টানাপোড়েন হয়েছিল। আমি মনে করি সেটা কাটিয়ে উঠে, আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গেই যে ক্রীড়া কূটনীতি, যে যোগাযোগ-চলাচল, সবকিছুই খুব স্বাভাবিকভাবেই চলমান থাকবে।”