Published : 09 Jul 2026, 08:33 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালে বেন স্টোকসের অবসর ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যম ও ব্রডকাস্টারদের মাধ্যমে প্রচারকে নিয়মবিরুদ্ধ বিবেচনা করছে আইসিসি। ঘটনার ব্যাখ্যা চেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এই ঘটনা আইসিসির প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ) নীতিমালার লঙ্ঘন।
গত মাসে ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালে স্টোকসের অবসরের সিদ্ধান্ত জানায় ইসিবি। সেদিন দিনের খেলা শুরুর আগে, ড্রেসিং রুমে সতীর্থদেরকে নিজের সিদ্ধান্ত জানান স্টোকস। মুহূর্তটি ইসিবির মিডিয়া টিম ভিডিও করে এবং ওই সময়ের কথাবার্তাসহ ভিডিওটি চা বিরতি শুরুর ঠিক আগে টেস্টের সম্প্রচারকারী ও ইসিবির সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।
ভিডিও প্রকাশের পর আইসিসি তাদের আপত্তির কথা ইসিবিকে জানায়। নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে ড্রেসিংরুমের ভিডিও প্রকাশ করা পিওএমএ নীতিমালার পরিপন্থী। এছাড়া, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে যে কোনো ধরনের অডিও কিংবা ভিডিও ধারন ও সম্প্রচার নিষিদ্ধ।
পাশাপাশি আইসিসির দূর্নীতি দমন আইন মোতাবেক, ড্রেসিংরুমে স্থায়ী কিংবা অস্থায়ী কোনো ধরনের রেকর্ডিং সরঞ্জামের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
শনিবার ইসিবিতে পাঠানো চিঠিতে আইসিসি স্পষ্ট জানিয়েছে, পিওএমএ-তে ধারণ করা ভিডিওতে কোনো ধরনের অডিও থাকার সুযোগ নেই। পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই ভিডিও প্রকাশ করা যাবে না।
অবশ্য বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি আইসিসি, সংস্থাটির চিঠি নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসিবিও মন্তব্য করেনি।
খেলা চলাকালে এভাবে স্টোকসের অবসরের ঘোষণা আসায় সবাই বেশ অবাক হয়েছিল। ওই দিনের খেলা শেষে, অবসর ঘোষণার ওইরকম সময় নির্ধারণের ব্যাখ্যায় বিশ্বকাপ জয়ী তারকা জানান, তার প্রতিনিধি ও ইসিবির মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সবকিছু ঠিক করা হয়েছিল।
চতুর্থ দিনের চা বিরতির আগ মুহূর্তে যখন ওই খবর প্রকাশ্যে আসে, তখন স্টোকস বল করছিলেন এবং ঠিক পরের বলেই জ্যাক ফোকসকে আউট করেন তিনি। শেষ পর্যন্ত পঞ্চম দিনের খেলার মধ্য দিয়ে ইতি ঘটে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের।
আইসিসির এই পদক্ষেপের খবরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একরকম ব্যঙ্গাত্মক টুইট (এক্স) করে ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক লিখেছেন, “তাকে ছাঁটাই করো।”
এখন নতুন অধিনায়কের খোঁজে আছে ইংল্যান্ড। সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই নতুন অধিনায়কের কাঁধে টেস্ট দলের ভার তুলে দিবে ইসিবি। সহ-অধিনায়ক হ্যারি ব্রুক ইতোমধ্যে স্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
তিন ম্যাচের সিরিজটি আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে।