২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ফর্ম প্রসঙ্গে বিসিবি সভাপতি বললেন, ‘কোহলি-রোহিতও রান করতে পারছে না’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার লড়াইয়ে লিটন এগিয়ে থাকবেন জানিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘নেতৃত্বের সামর্থ্যের সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক নেই।’

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 10:20 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ক্রিকেটীয় মেধা, নেতৃত্বের সামর্থ্যের মতো ব্যাপারগুলির সঙ্গে ব্যাটিং ফর্মের সম্পর্ক দেখেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার লড়াইয়ে তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকেই এগিয়ে রাখছেন তিনি। লিটনের ফর্মহীনতা নিয়ে দুর্ভাবনার কারণও দেখছেন না বোর্ড প্রধান। গ্রেট ব্যাটসম্যানদের উদাহরণ দিয়ে তার আশা, স্টাইলিশ এই ব্যাটসম্যান ফর্মে ফিরবেন দ্রুতই।

নিয়মিত অধিনায়ক শান্ত চোটের কারণে না থাকায় সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন লিটন। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সিরিজজুড়ে তার কুশলী নেতৃত্ব প্রশংসা আদায় করে নেয় তুমুল। 

কিন্তু তার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম ভয়াবহ। ওয়েস্ট ইন্ডিজে তিন ওয়ানডে মিলিয়ে তার রান ছিল ছয়, তিন টি-টোয়েন্টি ম্যাচে মোট করেছিলেন ১৭ রান। টি-টোয়েন্টিতে সবশেষ ২৪ ইনিংসে তার ফিফটি একটি। চলতি বিপিএলেও প্রথম তিন ম্যাচে তার রান ৩১, ০ ও ২।

তবে ব্যাটিং ফর্ম আর নেতৃত্বকে মেলাতে চান না বিসিবি সভাপতি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি বললেন, স্রেফ নেতৃত্বগুণ দিয়েই বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়ার দাবিদার লিটন। 

“আমি সবসময় মনে করি যে, ক্রিকেট মস্তিষ্ক, মেধা, নেতৃত্বের সামর্থ্য, এসবের সঙ্গে ফর্মের সম্পর্ক নেই। কেউ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে, অবশ্যই সেটা একটা ব্যাপার। তবে ফর্ম তো…একটা ব্যাটসম্যান আউট অব ফর্ম হবে, এটা খুব সাধারণ প্রক্রিয়া। ভিরাট কোহলিও রান করতে পারছে না, রোহিত শার্মা যে ধরনের খেলোয়াড়, রান করতে পারছে না।”

“এই সফরে (ওয়েস্ট ইন্ডিজ) লিটনের সেরা ব্যাপার যেটা ছিল, আমি যেটা চিন্তা করেছিলাম বা বোর্ডে কথা বলেছিলাম… অনেক সময় একটা খেলোয়াড়কে দুইভাবে সাহায্য করা যায়। যদি অধিনায়কত্ব দিলে ফর্মে ফিরে আসতে পারে। ফর্মে ফিরতে না পারলেও খুব ভালো অধিনায়কত্ব সে করেছে। এটা বিরাট গুণ একজন অধিনায়কের, যদি ব্যক্তিগত ফর্ম তার অধিনায়কত্বে প্রভাব না ফেলে। আমি আশা করি, সে ফর্মে ফিরবে খুব শিগগিরই।”

বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি আগামী মার্চ-এপ্রিলে। নতুন অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তাই খুব তাড়াহুড়ো করতে চান না বিসিবি সভাপতি। তবে সময় যখন হবে, তখন লিটন সম্ভাবনায় এগিয়ে থাকবেন বলেই মনে করেন তিনি।

“যখন আমরা টি-টোয়েন্টির অধিনায়কের আলাপ করব, তখন দেখা যাবে। ও (লিটন) হয়তো এগিয়ে থাকবে সেখানে।”

তবে নেতৃত্বের লড়াইয়ে আরেকজনের কথাও উল্লেখ করলেন ফারুক আহমেদ।

“মিরাজও তো ভালো অধিনায়কত্ব করেছে (ওয়েস্ট ইনিডজ সফরে)। আরেকজনের ইনজুরির কারণে সে সুযোগ পেয়েছে, কিন্তু ভালো করেছে। মিরাজের একটা ভালো ব্যাপার হলো, ও যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এটা একটা বড় গুণ। দেখা যাক, সময় হলেই আমরা আলোচনা করব।”