মেলবোর্নে রেকর্ড দর্শকের সামনে ২০ উইকেটের পাগলাটে দিন
প্রথম দুই সেশনে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া পরে ইংল্যান্ডকে এক সেশনেই অলআউট করে মূল্যবান লিড পেয়েছে।
উইকেটে ঘাসের আস্তরন। সহায়ক উইকেটে জ্বলে উঠলেন পেসাররা। সঙ্গে যোগ হলো ব্যাটসম্যানদের বাজে শট। তাতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই শেষ হয়ে গেল দুই দলের প্রথম ইনিংস। প্রথম দুই সেশনে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া পরে ইংল্যান্ডকে অলআউট করে দিল এক সেশনেই!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে ৪৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের ১৫২ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ১১০ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪ রান নিয়ে শুক্রবারের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
এমসিজিতে দর্শক উপস্থিতি ছিল এদিন ৯৪ হাজার ১৯৯, এই মাঠে কোনো ক্রিকেট ম্যাচে যা সর্বোচ্চ। ভেঙে গেছে ২০১৫ বিশ্বকাপ ফাইনালে ৯৩ হাজার ১৩ জন দর্শকের আগের রেকর্ড।
গোটা দিনে ২০ উইকেট পতন, এই মাঠে টেস্টের এক দিনে এর চেয়ে বেশি উইকেট পড়েছে কেবল একবারই। সেই ১৯০২ সালের প্রথম দিন অ্যাশেজেই ম্যাচের প্রথম দিন পড়েছিল ২৫ উইকেট। এখানে একদিনে ২০ উইকেট পতনের ঘটনা আছে আরও দুই দফায়।
উইকেটে ঘাস রেখে দেওয়া হয়েছে ১০ মিলিমিটার। সিমিং কন্ডিশনে ব্যাটিং করা হয়ে ওঠে কঠিন। দুই দল মিলিয়ে ৫০ বা এর বেশি বল খেলতে পেরেছেন কেবল উসমান খাওয়াজা, ৫২টি। ইংল্যান্ডের কেউ ৪০ বলও খেলতে পারেননি। ৫ রানের বেশি করতে পারেন তাদের স্রেফ তিন জন। হ্যারি ব্রুকের ৪১ রান দুই দল মিলিয়েই সর্বোচ্চ।
সিরিজে দ্বিতীয়বার খেলতে নেমে ৪৫ রানে ৫ উইকেট শিকার করেন ইংলিশ পেসার জশ টং। ব্যাটিং ও বোলিং, দুটিতেই অস্ট্রেলিয়ার সফলতম ক্রিকেটার মাইকেল নিসার। ৩৫ বছর বয়সী পেসার ৪৯ বলে করেন ৩৫ রান। পরে ৪৫ রানে নেন ৪টি উইকেট।
সিরিজের ফয়সালা হয়ে গেছে আগের টেস্টেই। ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ‘ছাইদানি’ ধরে রাখা নিশ্চিত করা অস্ট্রেলিয়া মেলবোর্নে পায়নি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও স্পিনার ন্যাথান লায়নকে।
টস জিতে বোলিং নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শুরুতে ছিল ভালো কিছুর ইঙ্গিত। প্রথম ৬ ওভারে তারা করে বিনা উইকেটে ২৭ রান। এরপরই খায় প্রথম ধাক্কা। গাস অ্যাটকিনসনের বল স্টাম্পে টেনে আনেন ট্রাভিস হেড।
টংয়ের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন জেইক ওয়েদেরল্ড। টংয়ের পরের ওভারে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে স্লিপে ক্যাচ দেন মার্নাস লাবুশেন। পরে চমৎকার এক ডেলিভারিতে স্টিভেন স্মিথকে বোল্ড করে দেন টং।
বিনা উইকেটে ২৭ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫১।
পঞ্চম উইকেটে অ্যালেক্স কেয়ারির সঙ্গে ৩৮ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন খাওয়াজা। লাঞ্চ বিরতির পরপর অ্যাটকিনসনের দারুণ ডেলিভারিতে খাওয়াজা ফেরেন কট বিহাইন্ড হয়ে (৫২ বলে ২৯)। ইংল্যান্ড উইকেটটি পায় রিভিউ নিয়ে। স্টোকসকে বাজে শটে লেগ গালিতে সহজ ক্যাচ দেন কেয়ারি (৩৫ বলে ২০)।
৯১ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া তাদের ইনিংস সর্বোচ্চ ৫২ রানের জুটি পায় সপ্তম উইকেটে, ক্যামেরন গ্রিন ও নিসারের ব্যাটে। বোলার ব্রাইডন কার্সের চমৎকার থ্রোয়ে রান আউটে কাটা পড়েন গ্রিন (৩৪ বলে ১৭)।
এরপর আর বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। স্কোর ১৫২ রেখে শেষ ৩ উইকেট হারায় তারা। তিন বলের মধ্যে নিসার ও স্কট বোল্যান্ডকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন টং।
একবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে এমসিজিতে টেস্টে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
ইংল্যান্ডের দারুণ বোলিংয়ের স্বস্তি উবে যায় ব্যাটিংয়ে নেমে। ১৬ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। দুই অঙ্কে যেতে পারেননি কেউই।
স্টার্ককে আলগা শটে উইকেট বিলিয়ে আসেন বেন ডাকেট। নিসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন জ্যাকব বেথেল। স্টার্ক নিজের পরের ওভারে জ্যাক ক্রলিকে ফিরিয়ে ২৪ নম্বর উইকেটের দেখা পান সিরিজে। স্লিপে ক্যাচটি নিয়ে টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডের তালিকায় রাহুল দ্রাবিড়কে (২১০) পেছনে ফেলে এককভাবে দুই নম্বরে উঠে যান স্মিথ।
১৬ বলে শূন্য রানে বিদায় নেন জো রুট। নিসারের আরেকটি দারুণ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
চাপের মুখে পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও স্টোকস। এরপর আবার শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।
২টি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন ব্রুক। নিসারের বলে এলবিডব্লিউ হন তিনি। এই ইনিংসের পথে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি ৫৭ ইনিংসে, ১৯৩০ সালের পর থেকে ইংল্যান্ডের হয়ে যা যৌথভাবে দ্রুততম।
নিজের টানা তিন ওভারে ব্রুক, জেমি স্মিথ ও উইল জ্যাকসকে বিদায় করেন স্কট বোল্যান্ড। নিসারের পরপর দুই ওভারে ফেরেন স্টোকস ও কার্স। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া অ্যাটকিনসন করেন ৩৫ বলে ২৮ রান।
১১০ রানে গুটিয়ে যাওয়াটা ২০০০ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এখানেই ২০২১ সালে তারা অলআউট হয়েছিল ৬৮ রানে, আর ২০০২ সালে গ্যাবায় ৭৯ রানে।
দ্বিতীয় ইনিংসে হেডের সঙ্গে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে বোল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অ্যাটকিনসনের পঞ্চম বলে আউট হতে পারতেন তিনি, কিন্তু পঞ্চম স্লিপে ক্যাচ নিতে পারেননি বেথেল। দিনের শেষ বলে বোল্যান্ড পেয়ে যান বাউন্ডারি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৫২ (হেড ১২, ওয়েদেরল্ড ১০, লাবুশেন ৬, স্মিথ ৯, খাওয়াজা ২৯, কেয়ারি ২০, গ্রিন ১৭, নিসার ৩৫, স্টার্ক ১, রিচার্ডসন ০*, বোল্যান্ড ০; অ্যাটকিনসন ১৪-৪-২৮-২, কার্স ১২-৩-৪২-১, টং ১১.২-২-৪৫-৫, স্টোকস ৮-১-২৫-১)
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯.৫ ওভারে ১১০ (ক্রলি ৫, ডাকেট ২, বেথেল ১, রুট ০, ব্রুক ৪১, স্টোকস ১৬, স্মিথ ২, জ্যাকস ৫, অ্যাটকিনসন ২৮, কার্স ৪, টং ১*; স্টার্ক ৬-০-২৩-২, নিসার ১০-১-৪৫-৪, বোল্যান্ড ৯-১-৩০-৩, রিচার্ডসন ৪-১-৮-০, গ্রিন ০.৫-০-০-১)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১ ওভারে ৪/০ (বোল্যান্ড ৪*, হেড ০*; অ্যাটকিনসন ১-০-৪-০)
