Published : 25 Jan 2026, 09:46 PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগের প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে একাদশ আসর থেকে নিলামভিত্তিক মডেলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। এবার জানানো হলো নিলামের তারিখ। আগামী ১১ ফেব্রুয়ারি হবে নিলাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ জানালেও, নিলামের ভেন্যুর কথা উল্লেখ করেনি। নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক পাকিস্তানি রুপিতে নির্ধারণ করা হয়েছে। শীর্ষ ক্যাটাগরির জন্য ভিত্তি মূল্য ধরা হয়েছে চার কোটি ২০ লাখ রুপি। অন্যান্য ক্যাটাগরির জন্য ভিত্তি মূল্য যথাক্রমে দুই কোটি ২০ লাখ, এক কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি।
পিএসএলে এবার হায়দরাবাদ ও শিয়ালকোট নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত করা হয়েছে। আনা হয়েছে আরও বেশ কিছু পরিবর্তন। প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার- এই চার ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড়দের ক্যাটাগরি এখনও ঘোষণা হয়নি।
প্রতিটি দলে থাকবে ১৬ থেকে ২০ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি খেলোয়াড় পাঁচ থেকে সাত জন। সব খেলোয়াড়ের সঙ্গে চুক্তি হবে দুই বছরের। প্রতিটি দলে অন্তত একজন ২৩ বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, যিনি আগে পিএসএলে খেলেননি।
নিলামের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোকে একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলামের বাজেট ধরা হয়েছে ৪৫ কোটি রুপি। সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত করা যাবে।
চলতি মাসের শুরুতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পর মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয় পিএসএল। বাংলাদেশের বাঁহাতি পেসার কোন দলে খেলবেন, সেটা জানানো হয়নি তখন।
গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পান বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। ফাইনাল হবে ৩ মে।