ফের আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক পিএসএল
পিএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
আরও একবার একই সময়ে হতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। টানা দ্বিতীয় বছর এমন কিছু দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের পর্দা উঠবে ২০২৬ সালের ২৬ মার্চ। এক মাসের বেশি সময়ের এই টুর্নামেন্ট শেষ হবে ৩ মে। আসরের শুরু ও শেষের তারিখ সোমবার ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।
আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী বছরের পিএসএল হবে আট দলের।
আগামী ১৭ মার্চ শুরু হতে পারে ২০২৬ সালের আইপিএল। প্রায় আড়াই মাসের টুর্নামেন্টটির পর্দা নামতে পারে ৩১ মে। আবু ধাবিতে মঙ্গলবার হবে নিলাম।
আইপিএলের গত আসর শুরু হয়েছিল ২২ মার্চ। এর ২০ দিন পর শুরু হয় পিএসএলের দশম আসর; ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত চলে খেলা। টুর্নামেন্ট চলাকালে ভারত-পাকিস্তানের সামরিক সহিংসতার কারণে কিছুদিন বন্ধ ছিল খেলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার ১৭ দিন পর শুরু হবে পিএসএল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর।
