শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হলেন ফন নিকার্ক
ফিল্ডিং ও স্পিন বোলিং কোচ হিসেবে জর্ডান গ্রেগরিকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা।
রায়ান ফন নিকার্ককে জাতীয় বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের সাবেক অন্তর্বর্তী প্রধান কোচের সঙ্গে দেশটির বোর্ডের চুক্তি দুই বছর।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার এই নিয়োগের ঘোষণা দিয়েছে।
২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত নেদারল্যান্ডস ক্রিকেটে কোচ হিসেবে কাজ করেন ফন নিকার্ক। মূলত বোলিং কোচ ছিলেন, পাশাপাশি অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবেও কাজ করেন তিনি।
ফন নিকার্ক কোচ থাকাকালীন সময়ে পুরুষদের তিনটি বিশ্বকাপে অংশ নেয় নেদারল্যান্ডস।
জাতীয় স্পিন বোলিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে জর্ডান গ্রেগরিকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। এর আগে গ্রেগরি ছিলেন নেদারল্যান্ডস ক্রিকেটের ফিল্ডিং কনসাল্টেন্ট।
ফন নিকার্ক শ্রীলঙ্কার সব জাতীয় দলের পেস বোলিংয়ের দায়িত্ব থাকবেন। গ্রেগরিও হাই পারফরম্যান্স সেন্টারে দেশটির সব জাতীয় দলের সব ফিল্ডিং ও স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকবেন।
দুই জনেরই মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল।
