১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরের অ‍্যাশেজে খেলবেন কিনা ‘নিশ্চিত নন’ স্মিথ

এই মুহূর্তে টি-টোয়েন্টি ও অলিম্পিককে গুরুত্ব দিচ্ছেন ৩৭ বছর বয়সী তারকা ব‍্যাটসম‍্যান।

পরের অ‍্যাশেজে খেলবেন কিনা ‘নিশ্চিত নন’ স্মিথ
স্টিভেন স্মিথ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 09:39 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

আসছে অ‍্যাশেজে খেলবেন কি-না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন স্টিভেন স্মিথ। ইংল‍্যান্ডের বিপক্ষে ওই সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের একটা মৃদু আভাস মিলেছে ৩৭ বছর বয়সী এই ব‍্যাটসম‍্যানের কথায়। 

লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জন‍্য ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন স্মিথ। আপাতত তিনি এগোতে চান সিরিজ ধরে। 

ইংল‍্যান্ডে অসমাপ্ত এক চ‍্যালেঞ্জ অপেক্ষা করছে স্মিথের সামনে। এখনও যে সেখানে কোনো টেস্ট সিরিজ জিততে পারেননি তিনি। ২০০১ সালে সবশেষ ইংল‍্যান্ডে অ‍্যাশেজ সিরিজ জেতে অস্ট্রেলিয়া। ২০১৯ ও ২০২৩ সালে দুটি সিরিজ শেষ হয় ২-২ সমতায়। 

আগামী জুন থেকে অগাস্টে ইংল‍্যান্ডে হবে পরবর্তী অ‍্যাশেজ। টেলিগ্রাফের সঙ্গে আলাপচারিতায় স্মিথ বললেন, আপাতত অতদূর ভাবছেন না তিনি। 

“আমি এমনকি এখনও এটাই জানি না যে, সেখানে থাকব কিনা। আমি কিছু দিন ধরে ‘সিরিজ-বাই-সিরিজ’ ধরে এগোচ্ছি। আর আমার জন‍্য ওই সিরিজ এখনও বেশ দূরের ব‍্যাপার। তাই, হ‍্যাঁ এখানে জিতলে কিংবা জিততে পারলে আমার ভালো লাগত। ভবিষ‍্যতে তা হয় কি-না, সেটা তখনই দেখা যাবে।”

এখন ডাবলিনে আমস্টারডাম ফ্ল‍্যামসের হয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলছেন স্মিথ। দুই বছর পরের লস অ‍্যাঞ্জেলস অলিম্পিকস খেলার কথাও ভাবছেন তিনি। ১২৮ বছরের অনুপস্থিতির পর ওই আসর দিয়ে অলিম্পিকে ফিরবে ক্রিকেট। 

সেই সময়ে স্মিথের বয়স হবে ৩৯। তবে ওই সময়েও অস্ট্রেলিয়া দলে থাকতে উন্মুখ তিনি। সেই লক্ষ‍্য থেকেই খেলতে চান ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে। তিনি মনে করেন, ইউরোপে খেলার সুযোগ তাকে টি-টোয়েন্টিতে আরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। তরুণ ও সহযোগী দেশের ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন তিনি।

“এই মুহূর্তে কেবল অলিম্পিকসে যুক্ত হওয়ার চেষ্টা করা যায়। আমার আমস্টারডামে খেলতে চাওয়ার একটা কারণ হলো, আমি যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যেতে চাই।”

ক্রিকেট থেকে অবসরের নির্দিষ্ট কোনো দিনক্ষণ ভেবে রাখেননি স্মিথ। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর, আরও কিছু দিন টি-টোয়েন্টি খেলে যেতে চান তিনি। ভবিষ‍্যতে কোচিংয়ে আসবেন কিনা, তা নিয়েও নিশ্চিত নন তিনি।

আগামী ১১ মাসে অন্তত ২০ টেস্ট ম‍্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলে খেলতে হবে ২১টি ম‍্যাচ।