১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা ৪ সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে ইংলিশ ব্যাটসম্যান

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়ার খুব কাছেই আছেন জেইক লিবি।

টানা ৪ সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে ইংলিশ ব্যাটসম্যান
ইংলিশ ব্যাটসম্যান জেইক লিবি। ছবি: উস্টারশায়ার এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 09:23 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে চলেছেন জেইক লিবি। পরপর চার ম্যাচে উপহার দিয়েছেন সেঞ্চুরি। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে শতক ছোঁয়ার রেকর্ডে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার পাশে বসেছেন ইংলিশ ব্যাটসম্যান।

গ্ল্যামরগনের বিপক্ষে রোববার ১০৫ রান করেন লিবি। উস্টারশায়ার অধিনায়কের ১১৪ বলের ইনিংসটি সাজানো আটটি চারে।

আগের তিন ম্যাচেই ১০৯ রানের ইনিংস খেলেছেন লিবি এবং সবগুলোই রান তাড়ায়। যার মধ্যে দুটিতে ছিলেন অপরাজিত।

২০১৫ বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি ছাড়া এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সাঙ্গাকারা ও লিবির মতো টানা চার ম্যাচে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন ভারতের কারুন নায়ার ও দেবদূত পাডিক্কাল এবং দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন।

এই সংস্করণে টানা সবচেয়ে বেশি পাঁচ ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডটি ভারতের নারায়ান জাগাদেশান ও ধ্রুব শোরের।

৩৩ বছর বয়সী লিবি এবারের ওয়ানডে কাপের প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ২, ২৫ ও ১২ রান। মিডলসেক্সের বিপক্ষে অপরাজিত ১০৯ রানের ইনিংসটি দিয়ে তার ঘুরে দাঁড়ানোর শুরু। সেদিন রান তাড়ায় ১১৪ বলের ইনিংসে দুটি ছক্কা ও সাতটি চার মেরেছিলেন তিনি। ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল উস্টারশায়ার।

পরের ম্যাচে সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারেননি তিনি। এসেক্সের বিপক্ষে দুটি ছক্কা ও ১৩টি চারে ১০৯ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। সাসেক্সের বিপক্ষে গত শুক্রবার ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ফের দলকে জিতিয়ে ফেরেন লিবি। ৯৬ বলের ইনিংসটি সাজান তিনি একটি ছক্কা ও সাতটি চারে।

ওই সেঞ্চুরি দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়েন লিবি। সাসেক্সের বিপক্ষে ইনিংসটির পর তার গড় ছিল ৬১.৪। আর গ্ল্যামরগনের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ফের সেঞ্চুরি করায় এখন তার গড় বেড়ে হয়েছে ৬২.৪৬।

এই সংস্করণে সবচেয়ে বেশি গড়ের রেকর্ডটি এতদিন ছিল ভারতের রুতুরাজ গায়কোয়াড়ের। এখন পর্যন্ত ১০০ ইনিংস খেলা ডানহাতি ব্যাটসম্যানের গড় ৫৮.৬১।

এই তালিকায় এখন তৃতীয় স্থানে আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইন, ৬৩ ইনিংসে তার গড় ৫৮.১৮। অস্ট্রেলিয়ান গ্রেট মাইকেল বেভানের গড় ৫৭.৮৬, ইনিংস ৩৮৪টি। আর ৩৩৭ ইনিংস ব্যাটিং করা ভারতের ভিরাট কোহলির গড় ৫৭.৮০।

৫৬ লিস্ট ‘এ’ ম্যাচে এনিয়ে সপ্তম সেঞ্চুরি করলেন লিবি। সঙ্গে ১৮ ফিফটিতে এই সংস্করণে তার রান এখন দুই হাজার ৫৬১।