১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ১২ জনের দলে বাশির

পিচের ধরন বুঝে হয়তো শেষ মুহূর্তে স্পিনার বাশির ও পেসার ব্রাইডান কার্সের মধ্যে একজনকে বেছে নেবে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

অ্যাশেজ শুরুর একদিন আগে প্রথম টেস্টের জন্য ১২ জনের দল দিয়েছে ইংল্যান্ড। পার্থের পিচ কেমন আচরণ করবে, সেই ভাবনায় বিকল্প হিসেবে অফ স্পিনার শোয়েব বাশিরকে দলে রেখেছে তারা।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সিরিজটির প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার। টেস্টটি খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন পেসার মার্ক উড।

পিচের ধরন বুঝে হয়তো শেষ মুহূর্তে বাশির ও পেসার ব্রাইডান কার্সের মধ্যে একজনকে বেছে নেবে ইংল্যান্ড। ইংলিশরা যদি পুরো পেস আক্রমণ নিয়ে মাঠে নামে, তাহলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে থাকবেন অলরাউন্ডার বেন স্টোকস।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিচ কিউরেটর ইসাক ম্যাকডোনাল্ড বুধবার পার্থের উইকেটে ‘পেস ও বাউন্স’ হওয়ার সম্ভাবনার কথাই বলেন। তাতে ইংল্যান্ড তাদের দীর্ঘদিনের পরিকল্পনাতেই এগোতে পারে। 

তবে, পিচে কিছুটা শুষ্কতাও নজরে এসেছে সফরকারীদের। সেকারণেই বাশিরকে দলে রেখেছে তারা। অবশ্য এই মাঠে আগের পাঁচ টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি অস্ট্রেলিয়ার অফ স্পিনার ন্যাথান লায়ন, ২৯টি।

তাই কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

এক বছরের বেশি সময় ধরে ইংল্যান্ডের প্রথম পছন্দের স্পিনার ২২ বছর বয়সী বাশির। গত মে মাসে তিনি ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট পূর্ণ করার কীর্তি গড়েন।

তবে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে রোমাঞ্চকর জয়ের ম্যাচে শেষ উইকেটটি নেওয়ার পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেননি বাশির। 

পার্থ টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জফ্রা আর্চার ও শোয়েব বাশির।