Published : 21 Jul 2026, 10:53 PM
জিম্বাবুয়ে সফর শেষে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাওয়ার কথা ছিল তাসকিন আহমেদের। কিন্তু তিনি ফিরে আসছেন দেশে। শেষ সময়ে সিদ্ধান্ত বদল করেছেন অভিজ্ঞ এই পেসার। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেবেন তিনি।
২৩ বছর পর আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ওই সিরিজের জন্য লাল বলের ক্রিকেট নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন তাসকিন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাসকিন নিজেই সিদ্ধান্তটি নিয়েছেন।
“আমরা তো তাসকিনকে বেশ আগেই এনওসি (অনাপত্তিপত্র) দিয়ে রেখেছি। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ শেষে ওর শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। ১২ জুলাই থেকে এনওসি দেওয়া ছিল। কিন্তু মুস্তাফিজ ইনজুরিতে পড়ার পর আমরা তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজেও রেখে দিয়েছিলাম। এখন ওর মনে হয়েছে, এলপিএল খেলার বদলে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে এরপর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়া ভালো।
অস্ট্রেলিয়া সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাসকিন পুরোপুরি প্রস্তুত হয়েই সিরিজটি খেলতে চায়। তার সিদ্ধান্তটিকে বিসিবি ইতিবাচকভাবে নিয়েছে। আশা করি, খুব ভালোভাবে প্রস্তুত হয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবে সে।”
সম্প্রতি জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে তাসকিন ছিলেন না। টেস্ট ক্রিকেটে দেড় বছরের বিরতি শেষে গত মে মাসে তিনি ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই টেস্ট খেলে ছয়টি উইকেট শিকার করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে দেশের মাঠে ২০১৭ সালে। সেই সিরিজে তাসকিন ছিলেন না।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামী ১৩ অগাস্ট। বাংলাদেশ দল দেশ ছাড়বে অগাস্টের শুরুতেই। এই সফরের বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি।