১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি থেকে বাদ মিলার

প্রথমবার জাতীয় দলের চুক্তিতে জায়গা পেয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশসহ কয়েকজন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি থেকে বাদ মিলার
ডেভিড মিলার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:40 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

অপ্রত্যাশিতভাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) চুক্তি থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার। প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি ও ডেওয়াল্ড ব্রেভিস।

২০২৬-২৭ মৌসুমের জন্য মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ঘোষিত পূর্ণ চুক্তিতে জায়গা পেয়েছেন ১৮ জন পুরুষ ক্রিকেটার। এছাড়া হাইব্রিড চুক্তিতে আছেন অফ স্পিনার সাইমন হার্মার।

গত মৌসুমে এই হাইব্রিড চুক্তিতেই ছিলেন মিলার। এই ধরনের চুক্তিতে খেলোয়াড়রা কোন দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে পারবেন, তা নিয়ে আলোচনা করার সুযোগ পান এবং একই সঙ্গে এটি তাদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ করে দেয়। গত বছর মিলার যেমন, ‘দা হান্ড্রেড’-এ খেলার জন্য অগাস্টে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে যাননি।

এখন বোর্ডের সঙ্গে মিলারের কোনো চুক্তি নেই। এতে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়ে গেল। ২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশও ছিলেন। তিনি অবশ্য এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। 

গত মৌসুমে হাইব্রিড চুক্তিতে থাকা রাসি ফন ডার ডাসেনও এবার বাদ পড়েছেন। এই টপ অর্ডার ব্যাটসম্যান সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন গত অগাস্টের অস্ট্রেলিয়া সফরে। চোটের কারণে গত মৌসুমে অনেকটা সময় বাইরে থাকা ফাস্ট বোলার নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া ও লিজাড উইলিয়ামসও বাদ পড়েছেন। জায়গা হারিয়েছেন ব্যাটসম্যান রিজা হেনড্রিকসও।

এই বছরের ১ জুন থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত চলবে নতুন চুক্তি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:

পূর্ণ চুক্তি: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা।

হাইব্রিড চুক্তি: সাইমন হার্মার