২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রায় আইসিসির

একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের নামের পাশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 12:06 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

ভারতের বিপক্ষে বাংলাদেশের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার রায় এলো আইসিসি থেকে। এই মাঠের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ভেন্যুটির নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 

গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হওয়া ওই টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন বিরতির পর টানা বৃষ্টির কারণে হারিয়ে যায় দিনের বেশিরভাগ সময়। 

দ্বিতীয় দিন একটি বলও খেলা সম্ভব হয়নি। সকাল থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে চা বিরতির কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। তৃতীয় দিন বৃষ্টি হয়নি। দুপুরের পর সূর্যের দেখাও মেলে। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় খেলা হয়নি এদিনও।

বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পরও দারুণ বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় ভারত। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। 

ওই ম্যাচে কানপুরের পিচকে অবশ্য ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। ছেলে ও মেয়েদের ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডের রেটিংয়ের হালনাগাদ বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের পিচ ও আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজে বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ের পিচ পেয়েছে ‘সন্তোষজনক’ রেটিং। 

সব আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডকে রেটিং দেয় আইসিসি; খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। অসন্তোষজনক রায় দেওয়া হলে সেই ভেন্যু একটি ডিমেরিট পয়েন্ট পায়, আনফিট বা অনুপযোগী বলে রায় দেওয়া হলে ডিমেরিট পয়েন্ট পায় তিনটি।

পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়।