বাদ পড়ার ২ দিন পর লাবুশেনের ৮৯ বলে সেঞ্চুরি
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে তাসমানিয়ার বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান কুইন্সল্যান্ডের অধিনায়ক।
ঘরোয়া ক্রিকেটে সময়টা দারুণ কাটছে মার্নাস লাবুশেনের। চলতি মৌসুমে ভিন্ন দুই সংস্করণ মিলিয়ে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান। সবশেষটি করেছেন লিস্ট ‘এ’ ম্যাচে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ার দুই দিন পর।
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে বৃহস্পতিবার তাসমানিয়ার বিপক্ষে ১০৫ রান করেন লাবুশেন। কুইন্সল্যান্ড অধিনায়কের ৯১ বলের ইনিংসটি ছিল ২ ছক্কা ও ৮ চারে সাজানো। সেঞ্চুরিতে পা রাখেন তিনি ৮৯ বলে।
গত মঙ্গলবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। টানা ব্যর্থতায় টেস্টের পর এই সংস্করণের দলেও জায়গা হারান লাবুশেন। সবশেষ ১০ ওয়ানডে ইনিংসে একটি ফিফটিও করতে পারেননি তিনি।
দল থেকে বাদ পড়ার আগের দিনই অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ১৬০ রানের ইনিংস খেলেন লাবুশেন। গত মাসে ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১১৮ বলে ১৩০ রান। যা যথেষ্ট হলো না ওয়ানডে দলে তার জায়গা টিকিয়ে রাখতে।
এবার ওয়ানডে কাপেই আরেকটি শতক ছোঁয়া ইনিংস খেললেন লাবুশেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার পঞ্চম সেঞ্চুরি।
তাসমানিয়ার বিপক্ষে এদিন পঞ্চম ওভারে ক্রিজে যান লাবুশেন। মুখোমুখি দ্বিতীয় বলে রাইলি মেরেডিথকে চার মেরে রানের খাতা খোলেন তিনি। ২৪তম ওভারে ব্র্যাডলি হোপকে চার হাঁকিয়ে ৫১ বলে পঞ্চাশ স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান।
পরে রানের গতি আরও বাড়ান লাবুশেন। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে কেবল ৩৮ বল। ৩৬তম ওভারে নিখিল চৌধুরিকে থার্ডম্যান দিয়ে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি।
ওই ওভারের শেষ বলে থামে লাবুশেনের ইনিংসের পথচলা। কট বিহাইন্ড হয়ে বিদায় নেন ৩১ বছর বয়সী ক্রিকেটার।
লাবুশেনের সেঞ্চুরির সৌজন্যে ৩১১ রান করে কুইন্সল্যান্ড। পরে টিম ওয়ার্ডের ১০৫ ও জর্ডান সিল্কের অপরাজিত ৮৫ রানের ইনিংসে ১০ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় তাসমানিয়া।
গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর সাদা পোশাকে দেশের হয়ে আর মাঠে নামার সুযোগ পাননি লাবুশেন। ওয়ানডে দল থেকে বাদ পড়ার একটি ইতিবাচক দিক অবশ্য দেখতে পারেন তিনি। শেফিল্ড শিল্ডে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ এখন তার সামনে। প্রথম শ্রেণিতে আরও কিছু বড় ইনিংস খেলে অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে জায়গা পাওয়ার দাবি জানাতে পারবেন।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। লড়াইগুলো হবে পার্থ, অ্যাডিলেইড ও সিডনিতে।
